২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালাকের জার্মান দলে ফেরা পিছিয়ে গেল

জার্মান জাতীয় দলে ফেরা আরো পিছিয়ে গেল মাইকেল বালাকের। বাঁ হাঁটুতে সর্বশেষ স্ক্যানের পর জানা গেছে ইউরো ২০১২ এর বাছাই পর্বে তুরস্ক এবং কাজাখস্তানের বিপক্ষে দুটি ম্যাচেও ফেরা হচ্ছে না তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মান জাতীয় দলে ফেরা আরো পিছিয়ে গেল মাইকেল বালাকের। বাঁ হাঁটুতে সর্বশেষ স্ক্যানের পর জানা গেছে ইউরো ২০১২ এর বাছাই পর্বে তুরস্ক এবং কাজাখস্তানের বিপক্ষে দুটি ম্যাচেও ফেরা হচ্ছে না তার। ডান পায়ের গোড়ালির পেশি ছিঁড়ে যাওয়ার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলতে পারেননি বালাক। কিছুদিন আগে জার্মান বুন্দেস লিগায় ফেরেন বায়ার লেভারকুসেনের হয়ে। শনিবার হ্যানোভারের বিপক্ষে ম্যাচেও নেমেছিলেন তিনি। কিন্তু সে ম্যাচের ৩০ মিনিটের মাথায় হাঁটুতে ব্যথা পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন ৩৩ বছর বয়সী এই মাঝমাঠের খেলোয়াড়। পরে স্ক্যান করে দেখা যায় বাঁ হাঁটুর হাড়ে হালকা চিড় ধরেছে। ফলে ৮ অক্টোবর বার্লিনে তুরস্কের এবং তার চারদিন পর কাজাখস্তানের বিপক্ষে ইউরো-২০১২ বাছাই পর্বে খেলা হচ্ছে না তার। এর আগে বাছাই পর্বে বেলজিয়াম এবং আজারবাইজানের বিপক্ষে প্রথম দু' ম্যাচও খেলেননি বালাক। বলেছিলেন তুরস্কের বিপক্ষেই জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়েছেন তিনি। কিন্তু সর্বশেষ এই চোট তা আরো পিছিয়ে দিল। বালাকের ইনজুরির খবর পেয়ে তাকে সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন কোচ জোয়াকিম লো। বালাকের দ্রুত সেরে ওঠার আশাবাদও জানিয়েছেন তিনি। বলেছেন ''যদি ফর্ম ও ফিটনেস ফিরে পায় বালাক তবে আগামী ১৭ নভেম্বর সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে সে ফিরতে পারে।'' বালাকের অবর্তমানে ফিলিপ লামই যথারীতি জার্মানির অধিনায়ক থাকছেন। বিশ্বকাপ থেকেই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তবে লো জানিয়েছেন বালাক দলে ফিরলে তার হাতেই নেতৃত্ব তুলে দেয়া হবে। কিন্তু সর্বশেষ চোট এবং দলে একাধিক ভালো খেলোয়াড় থাকায় বালাকের ফেরা আরো কঠিনই হয়ে উঠছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৫১ ঘ.