ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয় মাস পর আবার মাঠে ফিরেছেন ডেভিড বেকহ্যাম। কলম্বাস ক্র'র বিপক্ষে লসএঞ্জেলেস গ্লাক্সির হয়ে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে তাকে খেলানো হয়। খেলায় বেকহ্যামের দল জেতে ৩-১ গোলে।
চোটের কারণে ছয় মাস মাঠের বাইরে থাকতে বাধ্য হন তিনি।
ফাউল করে হলুদ কার্ড দেখার পর মাঠ থেকে তুলে নেয়া হয় ইমানুয়েল একপোকে। তারই বদলে খেলার ৭০ মিনিটের মাথায় মাঠে নামানো হয় বেকহ্যামকে।
৩৫ বছর বয়সী বেকহ্যাম বলেন, "আমি মাঠে ফিরতে পেরে খুবই খুশি হয়েছি। ম্যাচ খেলার মতো সুস্থও বোধ করছি।"
গ্লাক্সির হয়ে গত নভেম্বরে শেষবারের মতো মাঠে নেমেছিলেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মাঝমাঠের এই সাবেক খেলোয়াড় ইংল্যান্ড দলে ফেরারও আশা করছেন। যদিও ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো জানিয়েছেন, বয়সের কারণে তার দলে ফেরার সম্ভাবনা খুবই কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২১২ ঘ.
bdnews24