ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় খেলার সুযোগ পেয়েই বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছে হারকিউলিস। তবে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে জিতেছে তারা ওসাসুনার বিপক্ষে।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে শনিবার খেলার শুরু থেকেই বার্সেলোনা চেপে ধরে হারকিউলিসকে। তবে গোলের দেখা মেলেনি। প্রথমার্ধেই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন বার্সার বোয়ান ক্রোকিচ, ডেভিড ভিয়া ও জেরার্ড পিকে।
কিন্তু খেলার ধারার বিপরীতে হারকিউলিসের আক্রমণভাগের খেলোয়াড় নেলসন ভালদেজ ২৭ মিনিটে বল জড়িয়ে দেন বার্সার জালে। দ্বিতীয় গোলটিও করেন তিনি ৫৯ মিনিটে। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেসকে বোকা বানাতে মোটেও ভুল করেননি তিনি। ২০০৯ সালের মে মাসের পর নিজেদের মাঠে এটি বার্সার প্রথম হার।
খেলা শেষে ভালদেজ বলেন, "আমরা এখানে শুধু শুধু নিজেদের দেখাতে আসিনি। আমরা সুযোগকে কাজে লাগিয়েছি মাত্র।"
এদিকে প্রথম খেলায় মালোর্কার সঙ্গে ড্র করলেও ওসাসুনার বিপক্ষে ঠিকই জিতেছে রিয়াল মাদ্রিদ। খেলার ৪৮ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছ থেকে বল পেয়ে জয়সূচক গোলটি করেন রিকার্ডো কারভালহো।
পুরো খেলায় ওসাসুনার গোলরক্ষক রিকার্ডো লোপেজ চমৎকার খেলেন। গোল হওয়ার মতো কয়েকটি শট রুখে দেন তিনি।
খেলা শেষে রিয়ালের কোচ হোসে মরিনহো বলেন, "এটি ছিল অত্যন্ত সহজ খেলা। আমাদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে মারাত্মক কোনো পরিস্থিতি সামাল দিতে হয়নি।"
দিনের অন্যান্য খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাওকে এবং ভালেন্সিয়া ১-০ গোলে জিতেছে রেসিং সানতানদারের বিপক্ষে।
বর্তমানে ভালেন্সিয়া ও অ্যাটলেটিকোর পয়েন্ট ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে অ্যাটলেটিকো। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪। আর বার্সেলোনা ও হারকিউলিসের ৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৯২৬ ঘ.
bdnews24