ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো ইউএস ওপেনের শিরোপা জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স। এ নিয়ে এই প্রতিযোগিতার শিরোপা জিতলেন তিনি তিনবার।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে ফাইনালে বেলজিয়ামের এই খেলোয়াড় অত্যন্ত সহজেই রাশিয়ার ভেরা জভোনারেভাকে হারান ৬-২ ও ৬-১ গেমে। সময় নেন মাত্র ৫৯ মিনিট।
ক্লাইস্টার্স প্রথম ইউএস ওপেন জেতেন ২০০৫ সালে।
খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাইস্টার্স স্ট্যান্ডে গিয়ে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে জয় উদ্যাপন করতে থাকেন। তখন তার প্রতিপক্ষের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল।
পরে ক্লাইস্টার্স বলেন, "চমৎকার সময় যাচ্ছে আমার। কোর্টে ফেরার পর এই প্রথম আমি আমার শিরোপা ধরে রাখতে পারলাম।"
এর আগে উইম্বলডনসহ দু'টি প্রতিযোগিতায় জভোনারেভার কাছে হার মানতে হয়েছিল ক্লাইস্টার্সকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০১ ঘ.
bdnews24