২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের ফাইনালে ক্লাইস্টার্স, জভোনারেভা

ইউএস ওপেনে মেয়েদের এককের ফাইনালে পৌঁছেছেন বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ের অষ্টম খেলোয়াড় ভেরা জভোনারেভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনে মেয়েদের এককের ফাইনালে পৌঁছেছেন বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ের অষ্টম খেলোয়াড় ভেরা জভোনারেভা। প্রথম সেমিফাইনালে শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-৪ ও ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠেন রাশিয়ার জভোনারেভা। তীব্র উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে তৃতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স। খেলার প্রথমদিকে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ভেনাস। কিন্তু দ্বিতীয় সেটে টাই-ব্রেকের সময় কিছু ভুল করে বসেন। আর এই সুযোগে খেলায় ফিরে আসেন ক্লাইস্টার্স। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ৪-৬, ৭-৬ (৭-২) ও ৬-৪ ব্যবধানে। খেলা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্লাইস্টার্স বলেন, "টাই-ব্রেকের সময় তিনি (ভেনাস) কিছু ভুল করায় আমি খুবই খুশি হয়েছি।" আর ফাইনালে ওঠার প্রত্যাশা নিয়ে আগামী বছর আবারো মাঠে নামবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন ভেনাস। ২০০২ সালের পর থেকে তিনি ইউএস ওপেনের ফাইনালে পৌঁছাতে পারেননি। এদিকে শনিবার পুরুষ এককের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন রজার ফেদেরার ও নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল ও মিখাইল ওঝনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮৫২ ঘ.