২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেদনাদায়ক সপ্তাহ কেটেছে রুনি ও কলিনের

যৌন কেলেংকারীর ঘটনা জানাজানি হওয়ার পর অবশেষে মুখ খুললেন ওয়েন রুনি ও তার স্ত্রী কলিন। বললেন, 'অত্যন্ত বেদনাদায়ক' একটি সপ্তাহ কেটেছে তাদের। সেই সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানান তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 10:12 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌন কেলেংকারীর ঘটনা জানাজানি হওয়ার পর অবশেষে মুখ খুললেন ওয়েন রুনি ও তার স্ত্রী কলিন। বললেন, 'অত্যন্ত বেদনাদায়ক' একটি সপ্তাহ কেটেছে তাদের। সেই সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানান তারা। লন্ডনের বিভিন্ন ট্যাবলয়েডে গত রোববার প্রকাশিত খবরে বলা হয়, গত বছর কলিন যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন রুনি এক যৌন-কর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন। এরপর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের এই খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিদিনই খবর বের হতে থাকে বিভিন্ন পত্র-পত্রিকায়। রুনি ও তার স্ত্রী এক বিবৃতিতে শুক্রবার বলেন, "গত ছয়টি দিন ছিল আমাদের জন্য খুবই বেদনাদায়ক। এতে আরো বলা হয়, "সঠিক নয়, এমন তথ্যসহ খবর প্রতিদিন প্রকাশিত হলে অন্যান্য পরিবারের মতো এ ধরনের বিষয়ে সমাধানে পৌঁছানোর উদ্যোগ নেয়া আমাদের পক্ষেও সম্ভব নয়।" বিবৃতিতে রুনি ও কলিন তাদের পারিবারিক জীবনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে বলেন, "বিষয়টি নিয়ে আমাদের পারিবারিকভাবে আলোচনা করার অধিকারের প্রতি অন্তত সম্মান দেখান।" এদিকে মাঠে কিন্তু ঠিকই জ্বলে উঠেছেন রুনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে সুইজারল্যান্ডার বিপক্ষে মঙ্গলবার ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন তিনি। খেলায় ইংল্যান্ড জেতে ৩-১ গোলে। রুনি ও কলিনের বিয়ে হয় ২০০৮ সালের জুনে। গত নভেম্বরে জন্ম নেয় তাদের প্রথম পুত্র সন্তান কাই। ব্রিটেনে অত্যন্ত জনপ্রিয় দম্পতিগুলোর একটি হিসেবে পরিচিত রুনি ও কলিন। কেননা রুনির মতোই জনপ্রিয় কলিনও। তার নিজস্ব টিভি সিরিজ রয়েছে। কলাম লেখেন পত্র-পত্রিকায়। বর্তমানে একটি বিজ্ঞাপনেও কাজ করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৫ ঘ.