ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার সাবেক কোচ ডিয়েগো ম্যারাডোনা তাদের বাদ দিয়েছিলেন। কিন্তু স্পেনের বিপক্ষে মঙ্গলবার প্রীতি ম্যাচে দলে ফিরছেন ইস্তেবান ক্যাম্বিয়াসো, হাভিয়ের জানেত্তি ও গ্যাব্রিয়েল মিলিতো।
এই তিনজনকে দলে নেয়া প্রসঙ্গে সোমবার আর্জেন্টিনার অস্থায়ী কোচ সার্জিও বাতিস্তা বলেন, "গ্যাব্রিয়েল খুব সুন্দরভাবে রক্ষণভাগ সামাল দিতে পারেন। বাঁ পায়ে চমৎকার শটও নিতে পারেন তিনি।"
"জানেত্তি নিঃসন্দেহে অভিজ্ঞ খেলোয়াড়। আক্রমণ রচনাতেও তিনি ওস্তাদ,"জানেত্তি সম্পর্কে খুবই আশাবাদী বাতিস্তা। আর্জেন্টিনার হয়ে ১৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। দেশটির হয়ে এতো ম্যাচ আর কোনো ফুটবলার খেলেননি।
বাতিস্তা বলেন, "ক্যাম্বিয়াসো তো খেলা তৈরির কারিগর।" ইন্টার মিলানের মূল খেলোয়াড়দের একজন তিনি। গত মে মাসে মাঝমাঠের এই খেলোয়াড় তার দলের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো, হাভিয়ের জানেত্তি, মার্টিন ডেমিচেলিস, গ্যাব্রিয়েল মিলিতো, গ্যাব্রিয়েল হেইঞ্জ, এভার বানেজা, হাভিয়ের মাসচেরানো, ইস্তেবান ক্যাম্বিয়াসো, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন এবং কার্লোস তেভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৩৩ ঘ.
bdnews24