২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভার বিদায়, শেষ আটে ফেদেরার

ইউএস ওপেনের চতুর্থ পর্বে অঘটনের শিকার হয়েছেন মারিয়া শারাপোভা, সভেতলনা কুজনেতসোভা ও জুর্গেন মেলজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 09:15 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের চতুর্থ পর্বে অঘটনের শিকার হয়েছেন মারিয়া শারাপোভা, সভেতলনা কুজনেতসোভা ও জুর্গেন মেলজার। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার, নোভাক জকোভিচ, রবিন সোদার্লিং ও ক্যারোলিন ওজনিয়াকি। অঘটন এবার ইউএস ওপেনের পিছু ছাড়ছে না। এর আগে বিদায় নিয়েছেন ইয়েলেনা জাঙ্কোভিচ, অ্যান্ডি মারে এবং আনা ইভানোভিচের মতো তারকারা। শারাপোভার বিদায়ের মধ্য দিয়ে নিউইয়র্কের এই প্রতিযোগিতা আরেকটু আকর্ষণ হারালো। মেয়েদের এককে ডেনমার্কের ওজনিয়াকি সহজেই ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন রাশিয়ার মারিয়া শারাপোভাকে। ২০০৬ সালের ইউএস ওপেন জয়ী হতাশ শারাপোভা বলেন, ''আমার খেলা নিয়ে আমি সত্যিই হতাশ। এভাবে চতুর্থ পর্ব থেকে বিদায় নিতে হবে, আমি ভাবতেই পারিনি। সত্যিই নিজের সেরা খেলাটা খেলতে পারিনি।'' বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা সুইজারল্যান্ডের ফেদেরার ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-৩ গেমে জেতেন অস্ট্রিয়ার জুর্গেন মেলজারের বিপক্ষে। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় সার্বিয়ার জকোভিচ ৬-৩, ৬-৪ ও ৬-১ ব্যবধানে হারান যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশকে। ছেলেদের র‌্যাঙ্কিংয়ে পঞ্চম রবিন সোদার্লিং ৪-৬, ৬-৩, ৬-২ ও ৬-৩ গেমে হারান স্পেনের আলবার্তো মন্তানেসকে। এছাড়া প্রতিযোগিতার শেষ আটে পৌঁছেছেন ফ্রান্সের গায়েল মনফিলস। আর মেয়েদের এককে রাশিয়ার ভেরা জভোনারেভা, এস্তোনিয়ার কাইয়া কানেপি ও স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/টিআর/১৬৪৯ ঘ.