ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মাসে পঞ্চাশ বছরে পা রাখছেন ডিয়েগো ম্যারাডোনা। সান পাওলো স্টেডিয়ামে তার নাপোলির সাবেক সতীর্থদের সঙ্গে একটি 'চ্যারিটি' ম্যাচ খেলে দিনটিকে স্মরণীয় করে রাখতে চান তিনি।
আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা সোমবার গেজেত্তা দেল্লো স্পোর্টকে বলেন, "জীবনের জন্য যা কিছু দরকার তার সব কিছুই আমার আছে। পছন্দ মতো একটি পরিবার আছে। তাই এখন আমার আর কোনো কিছুই চাওয়ার নেই। এমনকি, অর্থও নয়। ইচ্ছা কেবল একটিই, নেপলসে ফিরতে চাই আমি।"
ম্যারাডোনা পঞ্চাশে পা রাখবেন ৩০ অক্টোবর। তার নেতৃত্বে নাপোলি সেরি 'আ'র শিরোপা জেতে ১৯৮৭ ও ১৯৯০ সালে। ১৯৮৯ সালে উয়েফা কাপও জেতে নাপোলি, তারই নেতৃত্বে।
এরই মধ্যে ম্যারাডোনা তার নাপোলির সাবেক সতীর্থ সালভাতোর বাগনিকে জন্মদিনের এই খেলাটি আয়োজন করতে বলেছেন।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে যাওয়ার পর তার কোচের দায়িত্ব নবায়ন করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮০৯ ঘ.
bdnews24