২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার আক্রমণে থাকবেন মেসি, তেভেজ

বিশ্বকাপ জয়ী স্পেনের বিপক্ষে মঙ্গলবার প্রীতি ম্যাচে আর্জেন্টিনার আক্রমণের পুরোভাগে থাকবেন লিওনেল মেসি ও কার্লোস তেভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 10:44 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ জয়ী স্পেনের বিপক্ষে মঙ্গলবার প্রীতি ম্যাচে আর্জেন্টিনার আক্রমণের পুরোভাগে থাকবেন লিওনেল মেসি ও কার্লোস তেভেজ। আক্রমণাত্মক কৌশলে খেলে আর্জেন্টিনার অস্থায়ী কোচ সার্জিও বাতিস্তা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির কাছে ৪-০ গোলে হারের পর হারানো সম্মান কিছুটা হলেও উদ্ধার করতে চান। আর্জেন্টিনার আক্রমণভাগ হবে মূলত বার্সেলোনারই প্রতিচ্ছবি। মেসির সঙ্গে থাকবেন তেভেজ ও দিয়েগো মিলিতো। সাবেক কোচ ডিয়েগো ম্যারাডোনার বাদ দেয়া কয়েকজন খেলোয়াড়কেও দেখা যেতে পারে মাঠে। তাদের মধ্যে থাকতে পারেন ইন্টার মিলানের রক্ষণভাগের খেলোয়াড় হ্যাভিয়ের জানেত্তি ও ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাসিওনালের খেলা তৈরির কারিগর আন্দ্রেস দ্য আলেসান্দ্রো। খেলতে পারেন ইন্টারের মাঝমাঠের খেলোয়াড় ইস্তেবান ক্যাম্বিয়াসো। স্পেনের বিপক্ষে এই খেলাটি সম্পর্কে মিলিতো বলেন, "দারুণ জমজমাট একটা খেলা হবে এটা। অন্য কোনো দেশের বিপক্ষে নয়, আমরা খেলবো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে।" রিভার প্লেট স্টেডিয়ামে আর্জেন্টিনা ভালো খেললে কপাল খুলে যেতে পারে বাতিস্তার। স্থায়ীভাবে কোচের পূর্ণাঙ্গ দায়িত্ব পেতে পারেন তিনি। ম্যারাডোনার উত্তরসূরী বেছে নেয়ার জন্য আগামী মাসে আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশন বৈঠকে বসতে যাচ্ছে। অ্যাসোসিয়েশন প্রধান হুলিও গ্রন্দোনা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, বড় ধরণের কোনো সমস্যা দেখা না দিলে বাতিস্তাকেই কোচের দায়িত্ব দেয়া হবে। বাতিস্তার প্রশিক্ষণ ও কৌশলে গত মাসে আয়ারল্যান্ড হার মেনেছে আর্জেন্টিনার কাছে। টোকিওতে ৮ অক্টোবর জাপানের বিপক্ষে কোচের দায়িত্বে থাকবেন বাতিস্তা। ১৭ নভেম্বর দোহা ও ১৯ ডিসেম্বর বুয়েনস আইরেসে ব্রাজিলের বিপক্ষেও দলের কৌশল রচনা করবেন তিনি। আর্জেন্টিনা রোববার প্রশিক্ষণ নিয়েছে লোক চক্ষুর আড়ালে বুয়েনস আইরেসের উপকণ্ঠে। আর স্পেন নেয় বোকা জুনিয়র্সের স্টেডিয়ামে। আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, ইকার ক্যাসিয়াস, ডেভিড ভিয়া ও ফার্নান্দো তোরেসদের দেখার জন্য ভিড় জমেছিল মাঠের চারদিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৬২৭ ঘ.