ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মান জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাইকেল বালাককেই দেখতে চান কোচ জোয়াকিম লো। যদিও বালাককে ছাড়াই ইউরো ২০১২ বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচ খেলেছে তার দল।
ব্রাসেলসে শুক্রবার বাছাই পর্বের প্রথম ম্যাচে জার্মানি ১-০ গোলে বেলজিয়ামকে হারায়। সেই ম্যাচে মাঠে ছিলেন না ৩৩ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড় বালাক। শুধু তাই নয়, মঙ্গলবার আজারবাইজানের বিপক্ষে দ্বিতীয় খেলাতেও খেলছেন না বালাক। কারণ তার পায়ের চোট পুরোপুরি সারেনি।
বালাকের জায়গায় প্রথম ম্যাচে খেলেছেন রিয়াল মাদ্রিদের সামি খেদিরা। কিন্তু লো চেলসির সাবেক তারকা বালাককে ফিরিয়ে আনার পরিকল্পনার ওপর জোর দিচ্ছেন।
জার্মানির একটি পত্রিকাকে লো রোববার বলেন, "আশা করি আমার দল সামনেই এগিয়ে যাবে এবং অবশ্যই মাইকেলকে (বালাক) সঙ্গে নিয়েই।"
গত বুধবার লো নিশ্চিত করেছেন, জার্মানির অধিনায়কত্ব ফিরে পাবেন লেভারকুসেনের বালাক। মাঠে ফিরলে অধিনায়কত্ব করবেন বালাক, ফিলিপ লাম নয়।
লো আরো বলেন, "আমি গভীরভাবে ভেবে দেখেছি মাইকেলেরই দলনায়কের দায়িত্ব পালন করা উচিত।"
তবে আগামী অক্টোবরে তুরস্ক ও কাজাখস্তানের বিপক্ষে বাছাই পর্বের খেলায় জার্মানির হয়ে বালাক মাঠে নামবেন কি না তা নিশ্চিত করেননি কোচ জোয়াকিম লো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৪ ঘ.
bdnews24