ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আলজেরিয়ার ফুটবল কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাবাহ সাদানে। ২০১২ সালের আফ্রিকান নেশন্স কাপের বাছাই পর্বে তাঞ্জানিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর এই সিদ্ধান্ত নেন তিনি।
আলজেরিয়ার ফুটবল ফেডারেশন সাদানের পদত্যাগপত্র গ্রহণ করে রোববার জানায়, হতাশার কারণেই সরে দাঁড়িয়েছেন ৬৪ বছর বয়সী এই কোচ।
অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অনূর্ধ্ব-১৭ দলের কোচ আবদেলহাক বিন চিখাকে।
আলজেরিয়ার ইতিহাসে সেরা ফুটবল কোচদের একজন হিসেবেই ধরা হয় সাদানেকে। কেননা তার প্রশিক্ষণেই ২৪ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলেছে জাতীয় দল। ইংল্যান্ডের সঙ্গে গ্র"প পর্বে ড্র করে আলজেরিয়া। যদিও প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের।
এর আগেও চারবার আলজেরিয়ার কোচের দায়িত্বে পালন করেন সাদানে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে জাতীয় দলের কোচ ছিলেন তিনিই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭১০ ঘ.
bdnews24