ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবার ইউরো বাছাই পর্বে ওয়েন রুনির খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কেননা যৌন কেলেঙ্কারির কারণে তার পারিবারিক জীবনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়। এতে ভেঙ্গেও যেতে পারে তার সংসার।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলারের যৌন কেলেঙ্কারির কথা ফাঁস করেছে ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। পত্রিকাটি জানিয়েছে, স্ত্রী কলিন যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন রুনি যৌন কর্মীর কাছে গিয়েছিলেন।
জেনিফার টমসন নামের এক যৌন কর্মী এই অভিযোগ করেন নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কাছে। ২১ বছর বয়সী এই যৌনকর্মী বলেন, ''২০০৯ সালের জুনে ম্যানচেস্টারের এক ক্যাসিনোতে রুনির সঙ্গে আমার পরিচয় হয়। বন্ধুদের সঙ্গে আমি ছিলাম ভিআইপি গ্যালারিতে। সেখানে রিও ফার্দিনান্দসহ আরো কয়েকজনের সঙ্গে বসে রুনি মদ খাচ্ছিলেন। তারা কথা বলার জন্য আমাকে ডাকেন।''
কথা বলার এক পর্যায়ে রুনি ওই যৌন কর্মীর কাছ থেকে তার ফোন নাম্বার নেন।
এরপর রুনি জেনিফারকে একান্তে কথা বলার প্রস্তাব দেন। জেনিফার জানান, ''পরে রাত তিনটার দিকে আমি আর আমার বান্ধবীরা রুনির কাছ থেকে একটি এসএমএস পাই। এতে বলা হয়, আমার সঙ্গে রুনি যৌন সম্পর্ক গড়ে তুলতে চায়। বিনিময় আমি রুনির কাছে অর্থ চাইলে তিনি বলেন ঠিক আছে, এসব নিয়ে সমস্যা হবে না।''
স্ত্রীকে ফাঁকি দিয়ে সেই অবৈধ সম্পর্ক রুনি চালিয়ে গেছেন কয়েক মাস ধরে। ম্যানচেস্টারের একটি হোটেলে প্রায়ই দেখা যেতো তাদের।
এই কথা ফাঁস হওয়ায় রীতিমতো বিপাকে পড়েছেন রুনি। আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সংসার টিকিয়ে রাখার জন্য। এ কারণে সোমবার মাঠে নাও দেখা যেতে পারে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬৪৯ ঘ.
bdnews24