ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক গুঞ্জনের ইতি টেনে জোয়াকিম লো জানালেন তার দলের অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ মাইকেল বালাক। জার্মানির ফুটবল কোচ জানিয়ে দিলেন দলে ফিরলে তাকেই ফের করা হবে অধিনায়ক।
যদিও ইউরো ২০১২ বাছাই পর্বের প্রথম দু'টি খেলার জন্য ঘোষিত জার্মানি দলে রাখা হয়নি বালাককে। তা সত্ত্বেও সেদেশের পত্রিকা বিল্ডকে বুধবার লো এ কথা বলেছেন।
শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে প্রথম খেলায় মুখোমুখি হবে জার্মানি। এর চারদিন পর নিজেদের মাঠে আজারবাইজানের বিপক্ষে খেলবে তারা।
লো বলেন, "এই মুহূর্তে বাস্টিন সোয়েন্সটিগার ও সামি খেদিরা মাঝমাঠের নিচের দিকের দায়িত্বে আছে। কিন্তু যখন মাইকেল (বালাক) দলে ফিরে আসবে সে মাঝমাঠের দায়িত্ব নেবে। একই সঙ্গে তার অধিনায়কত্বও ফিরিয়ে দেয়া হবে। মাইকেল না ফেরা পর্যন্ত ফিলিপ লামই অধিনায়ক থাকবে।"
৩৩ বছর বয়সী বালাক গোড়ালিতে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগেই দলের বাইরে চলে গেছেন।
বায়ার্ন মিউনিখের ২৬ বছর বয়সী লাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির নেতৃত্ব দিয়েছেন। যেখানে তারা ইংল্যান্ডকে দ্বিতীয় পর্বে ৪-১ গোলে এবং আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারায়। শেষ পর্যন্ত বিশ্বকাপে তৃতীয় হয়ে দেশে ফেরে তারা।
এবারের ইউরো বাছাই পর্বে এ- গ্র"পে থাকা জার্মানি আরো মুখোমুখি হবে তুরস্ক, অস্ট্রিয়া এবং কাজাকিস্তানের।
ইউরো ২০১২ এর স্বাগতিক দেশ যৌথভাবে ইউক্রেন ও পোল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/২০২৩ ঘ.
bdnews24