ঢাকা, ৩০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি থেকে এসি মিলান এবার কিনতে চায় ব্রাজিলের তারকা রবিনহোকে। এর আগে বার্সেলোনা থেকে সুইডেনের আক্রমণভাগের খেলোয়াড় ইব্রাহিমোভিচকে দলে ভিড়িয়েছে তারা।
মিলান প্রধান সিলভিও বার্লুসকোনি নিজেই রবিনহোকে কেনার আগ্রহ দেখিয়েছেন।
রবিনহো এখন ম্যানচেস্টার সিটি থেকে ধারে ব্রাজিলের ক্লাব স্যান্টোসে খেলছেন। ধারের মেয়াদ শেষ হলেই ফিরবেন ম্যান সিটিতে। কিন্তু কোচ রবার্তো মানচিনির সঙ্গে তার বনিবনা হচ্ছে না অনেকদিন ধরেই। সে জন্যই ক্লাব ছাড়তে চান রবিনহো। তাকে ছাড়তে রাজি ম্যান সিটিও। এখন দাম-দরে বনলেই হল।
রবিনহোকে কিনতে চেয়েছিল তুরস্কের ক্লাব ফেনারবাখও। কিন্তু রবিনহো রাজি হননি। ইউরোপের ক্লাবেই খেলতে চান তিনি। এখন তাকে কিনতে চায় মিলান।
রবিনহোকে কেনার জন্য ম্যান সিটির সঙ্গে প্রাথমিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে মিলান। ইব্রাহিমোভিচের পাশাপাশি মিলানে আছেন ব্রাজিলের আরো দুই তারকা রোনালদিনহো এবং পাতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৩২ ঘ.
bdnews24