ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোল করতে যেন ভুলেই গিয়েছিলেন ওয়েন রুনি। সেই অধরা গোল পেলেন প্রায় পাচ মাস পর। শনিবার রুনি, ন্যানি এবং দিমিতির বার্বাতভের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যামকে।
একইদিন ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে আর্সেনাল জেতে ২-১ গোলে। আর চেলসির এগিয়ে যাওয়া চলছেই। ২-০ গোলে হারায় স্টোক সিটিকে। প্রথম দুই ম্যাচে ১২ গোল করে চেলসি। তবে টটেনহ্যাম হটস্পার চমক দেখিয়েছে উইগ্যান অ্যাথলেটিককে ১-০ গোলে হারিয়ে।
এ বছরের মার্চে শেষ বারের মতো গোল করেছিলেন রুনি, গত চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এরপর আর গোলের দেখা পাচ্ছিলেন না আক্রমণভাগের এই তারকা। ১৩ ম্যাচ পর শনিবার গোল পেলেন তিনি। অবশ্য পেনাল্টি থেকে, খেলার ৩৩ মিনিটে।
গোলের জন্য ৫০ মিনিটে ন্যানিকে বল বানিয়ে দেন রুনি। অবশ্য যেভাবে প্রতিপক্ষের রক্ষণভাগের কয়েকজন কাটিয়ে ন্যানির বাঁ-পায়ের শট জালে আশ্রয় নেয় তা ছিল দেখার মতো। ৬৯ মিনিটে ন্যানির কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে বার্বাতভ সাইড ভলিতে যে গোলটি করেন, তার কথাও মনে থাকবে অনেকদিন।
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্টোক সিটিকে হারিয়েছে তারা ২-০ গোলে। শুরুতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পেনাল্টি থেকে গোল করতে না পারলেও ফ্লোরেন্ত মালুদা এবং দিদিয়ের দ্রগবার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। তিন খেলায় পুরো ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।
নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে টটেনহ্যাম ১-০ গোলে হেরে গেছে উইগ্যানের কাছে। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে জয়সূচক গোলটি করেন হুগো রডালেগা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৪৬ ঘ.
bdnews24