ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিদেশী ক্রিকেট সিরিজের ফাইনালে ৩০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩১ ওভারে ভারত রান তুলেছে ১৫৯, পাঁচ উইকেটে।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা রান করে ২৯৯, আট উইকেটে।
বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই বিপদে পড়ে ভারত। লাসিথ মালিঙ্গার বলে উদ্বোধনী ব্যাটসম্যান দিনেশ কার্তিক খালি হাতেই ফিরে যান। তবে ভারতের জন্য সবচেয়ে বড় আঘাত ছিল গত ম্যাচে শতক পাওয়া বিরেন্দ্র শেবাগের রানআউটটি। মাত্র ২৮ রান করেন তিনি।
বিরাট কোহলি ও যুবরাজ সিং লড়াই চালিয়ে যেতে থাকেন। কিন্তু থিসারা পেরেরার বলে যুবরাজ ২৬ ও কোহেলী ৩৭ রান করে সাজঘরে ফিরে যান।
বিপদে পড়া ভারতকে টেনে তোলার চেষ্টা করছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী ও রোহিত শর্মা।
ধোনি ও রোহিত রানে উইকেটে আছেন।
এর আগে ডাম্বুলায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান দিলশান ও মাহেলা জয়াবর্ধনে। মাত্র ২০ ওভার ২ বলে ১২১ রান তোলেন তারা। জয়াবর্ধনে ধীর-স্থিরভাবে খেললেও দিলশান বেধড়ক পিটিয়েছেন ভারতীয় বোলারদের। ১১০ রান করেন ১১৫ বলে। তিনি তার ইনিংসটি সাজান ১২টি চার ও একটি ছক্কা দিয়ে।
এর আগে দলীয় ১২১ রানের মাথায় ইশান্ত শর্মার বলে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়ার আগে জয়াবর্ধনে করেন ৬৭ বলে ৩৯ রান।
মাত্র ৬ রান করে উপুল থারাঙ্গা বিদায় নিলে দিলশানের সাথে যোগ দেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
দলীয় ২১৭ রানের মাথায় প্রবিন কুমারের বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়ে বিদায় নেন দিলশান। এরপর সাঙ্গাকারা মেরে খেললেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। চামারা কাপুগেদারা (১২) ও চামারা সিলভা (২৬) ছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
সাঙ্গাকারা ৭১ রান করেন ৬২ বলে। সাতবার সীমানার ওপারে বল পাঠান তিনি। একবার আবার হাওয়ায় ভাসিয়ে।
দু'টি করে উইকেট নেন ভারতের মুনাফ প্যাটেল ও ইশান্ত শর্মা। এজন্য প্যাটেল খরচ করেন ৪৩। ইশান্ত শর্মা দেন ৫৪।
লিগ পর্বে শ্রীলঙ্কা একবার হারিয়েছিল ভারতকে। আর ভারত একবার জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৪৯ ঘ.
bdnews24