২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ লিগের দলবদল পেছালো

আগামী ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পেশাদার বাংলাদেশ লিগের দলবদল হওয়ার কথা ছিল। কিন্তু সাত ক্লাবের দাবির মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন তারিখ নির্ধারণ করেছে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 03:09 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পেশাদার বাংলাদেশ লিগের দলবদল হওয়ার কথা ছিল। কিন্তু সাত ক্লাবের দাবির মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন তারিখ নির্ধারণ করেছে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত। ব্রাদার্স ইউনিয়নের নেতৃত্বে সাত ক্লাব দাবি করেছিল, দলবদল যেন অন্তত এক মাস পিছিয়ে দেয়া হয়। নইলে তারা পেশাদার লিগে অংশ নেবে না। যদিও ক্লাবগুলোর দাবি না মানার পক্ষে অটল ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু সেই অবস্থান থেকে সরে আসলেন তিনি। শনিবার লিগ কমিটির সভায় দল বদল পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়। দলবদল পেছানোর দাবিতে একজোট হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ, ফরাশগঞ্জ, রহমতগঞ্জ, ফেনী সকার ক্লাব, চট্টগ্রাম আবাহনী ও চট্টগ্রাম মোহামেডান। বাংলাদেশ লিগের জন্য পাঁচ দল ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, শেখ রাসেল ক্রীড়াচক্র, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এরই মধ্যে দল গোছানোর কাজ প্রায় সেরে ফেলেছে। দলবদলের সময় পিছিয়ে গেলেও বাফুফের নির্ধারিত ফুটবল প্রতিযোগিতা আগের নির্ধারিত সময়ই হবে। ফেডারেশন কাপ ফুটবল শুরু হবে ৭ অক্টোবর থেকে। ১০ ডিসেম্বর শুরু হবে কোটি টাকার সুপার কাপ। এরপরই শুরু হবে বাংলাদেশ লিগ। এদিকে শনিবারের সভায় বিদেশি ফুটবলারদের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়। মোট ৫ বিদেশি ফুটবলার নেয়া যাবে। একজন গোলরক্ষক কোটায় খেলতে পারবে। সভায় জাতীয় দলের নতুন কোচের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়। ক্রোয়েশিয়া থেকে নতুন কোচ আসছেন আগামী সেপ্টেম্বরে। কোচ রবার্ট রুপচিকের থাকা-খাওয়া, গাড়ির সুবিধাসহ তার বাৎসরিক বেতন ধরা হয়েছে ৫০ হাজার ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২১০০ ঘ.