২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচেই হার বায়ার্নের

জার্মান বুন্ডেসলিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তারকাদের নিয়ে এই দলটি শুক্রবার হার মানে এ মৌসুমে প্রথম বিভাগে উঠে আসা কাইজারস্লাউটার্নের কাছে, ২-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মান বুন্ডেসলিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তারকাদের নিয়ে এই দলটি শুক্রবার হার মানে এ মৌসুমে প্রথম বিভাগে উঠে আসা কাইজারস্লাউটার্নের কাছে, ২-০ গোলে। গোল করেন ইভো ইলেসেভিচ এবং লাকিচ। গত মৌসুমে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে বুন্ডেসলিগায় উঠে আসে কাইজারস্লাউটার্ন। লিগের প্রথম খেলায় তারা হারিয়েছিল এফসি কোলনকে। খেলার অতিরিক্ত সময়ে (৯০ ) দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ইলেসেভিচ। তবে তাতে কাইজারস্লাউটার্নের জয়ের আনন্দে ছেদ পড়েনি। এদিকে বায়ার্নের খেলায় ধার ছিল না মোটেই। সেই সুযোগে প্রথমার্ধেই দুই গোল করে চ্যাম্পিয়নদের কোনঠাসা করে ফেলে কাইজারস্লাউটার্ন। খেলার ২৪ মিনিটে একটি গোলের সুযোগ পেয়েছিলেন বায়ার্নের বিশ্বকাপ তারকা টমাস মুলার। যদিও বলটি তিনি পাঠিয়ে দেন মাঠের বাইরে। খেলার ৩৬ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় ফ্লোরিয়ান ডিক আড়াআড়িভাবে বল ভাসিয়ে দেন ইলেসেভিচের কাছে। এক মিনিট পরেই দ্বিতীয় গোল করেন লাকিচ। এনিয়ে বুন্ডেসলিগায় দুই খেলায় তিন গোল করলেন লাকিচ। প্রথম খেলায় কোলনের বিপক্ষে দুই গোল করেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে বায়ার্ন খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠলেও সফল হতে পারেনি। সুযোগ হাতছাড়া করার যেন মহড়ায় নেমেছিলেন ইভিচা ওলিচ, ফ্রাঙ্ক রিবেরি এবং মিরোস্লাভ ক্লোসা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৫১ ঘ.