ঢাকা, ২৮ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফের সেরি 'আ' তেই ফিরছেন সুইডেনের আক্রমণভাগের খেলোয়াড় জলাতান ইব্রাহিমোভিচ। তবে এবার পুরাতন ক্লাব ইন্টার মিলানে নয়, স্পেনের ক্লাব বার্সেলোনা থেকে ইব্রাহিমোভিচ ফিরছেন ইন্টারেরই প্রধান প্রতিপক্ষ ব্রাজিলের তারকা রোনালদিনহোর এসি মিলানে।
গত কয়েকদিন ধরেই ইউরোপে খেলোয়াড় কেনা-বেচার বাজারে গুঞ্জণ ছিল ইব্রাহিমোভিচ বার্সেলোনা ছেড়ে এসি মিলানে যাচ্ছেন। সেটাই অবশেষে সত্যি হলো। ইতালির প্রচার মাধ্যম খবর দিয়েছে, এসি মিলান প্রধান আদ্রিয়ানো গালিয়ানি এবং তার বার্সেলোনার সমকক্ষ সান্দ্রো রোসেল এখন চূড়ান্ত আলোচনা চালিয়ে যাচ্ছেন।
শোনা যাচ্ছে ইব্রাহিমোভিচকে এ মৌসুমের জন্য ধার দিচ্ছে বার্সেলোনা। তার জন্য অবশ্য আদায় করে নিচ্ছে ৩৮ মিলিয়ন ডলার। এসি মিলানের কোচ মাসিমিলিয়ানো এরই মধ্যেই ফোনে কথা সেরে নিয়েছেন ইব্রাহিমোভিচের সঙ্গে।
স্পেনের লা লিগায় বার্সেলোনা প্রথম ম্যাচে রোববার খেলতে নামছে রেসিং সান্তান্দারের বিপক্ষে। কিন্তু কোচ পেপ গার্দিওয়ালা দলে রাখেননি ইব্রাহিমোভিচকে। তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই তার আক্রমণভাগের এই খেলোয়াড় বার্সেলোনা ছাড়ছেন। এ অবস্থায় তাকে খেলানো সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৪৩ ঘ.
bdnews24