ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তারকা ফুটবলারদের নিয়ে রিয়াল মাদ্রিদ ফের এ মৌসুমে তাদের হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে খেলতে নামছে স্প্যানিশ প্রিমেরা লিগায়। ছয় নতুন ফুটবলার আর সঙ্গে এই সময়ের এক নম্বর কোচ হোসে মরিনহো। রিয়ালের সামনে এবার সত্যিকারের চ্যালেঞ্জ। প্রতিপক্ষ সেই বার্সেলোনা।
গত মৌসুমে কাকা, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদের ভিড়িয়েও কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল। এবার তাই খেলোয়াড় সংগ্রহের পাশাপাশি গত মৌসুমে ইন্টার মিলানকে সেরি 'আ' সহ চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতানো কোচ মরিনহোকে দলে ভিড়িয়েছে তারা। লক্ষ্য একটাই শিরোপার স্বাদ পাওয়া।
রিয়ালে এবার যোগ দিয়েছেন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া, মাঝমাঠের খেলোয়াড় মেসুত ওজিল এবং পেদ্রো লিওন। স্ট্রাইকার হিসেবে এসেছেন সার্জিও কানালাস। খেলা গড়ার কারিগর হিসেবে এসেছেন মধ্যমাঠে সামি খেদিরা এবং রিকার্ডো কারভালহো।
এদের সঙ্গে ক্যাসিয়াস-সার্জিও র্যামোস-কাকা-রোনালদো-গঞ্জালো হিগুয়েইনকে এক সুতোয় গেঁথে সেরা সাফল্যটা পেতে চান মেজাজী কোচ মরিনহো। বলেছেন দল সেরা ফর্মে পৌঁছাতে একটু সময় নেবে। তবে খেলোয়াড়দের ওপর তার আস্থার কমতি নেই।
রোববার রিয়াল মাদ্রিদ তাদের লা লিগা অভিযান শুরু করবে। প্রতিপক্ষ রিয়াল মায়োরকা। একই দিন বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মুখোমুখি হবে রেসিং সান্তান্দারের। বার্সেলোনাও ইতিমধ্যে তাদের ঘর গুছিয়ে ফেলেছে। দলে যোগ দিয়েছেন স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া। ফলে বার্সার প্রথম একাদশে স্পেন জাতীয় দলের খেলোয়াড়ের সংখ্যা আট। তাদের নিয়েই কোচ পেপ গার্দিওয়ালা হ্যাটট্রিক শিরোপা জিততে চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮২৪ ঘ.
bdnews24