২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ খুললেন উডসের সাবেক স্ত্রী

শর্ত ভেঙ্গে বিবাহবিচ্ছেদের দু'দিনের মধ্যে মুখ খুললেন এলিন নরদেগ্রেন। মার্কিন ম্যাগাজিন পিপলকে দেয়া এক সাক্ষাতকারে টাইগার উডসের সাবেক স্ত্রী তাদের বিবাহিত জীবন নিয়ে জানালেন নানা তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 10:48 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) শর্ত ভেঙ্গে বিবাহবিচ্ছেদের দু'দিনের মধ্যে মুখ খুললেন এলিন নরদেগ্রেন। মার্কিন ম্যাগাজিন পিপলকে দেয়া এক সাক্ষাতকারে টাইগার উডসের সাবেক স্ত্রী তাদের বিবাহিত জীবন নিয়ে জানালেন নানা তথ্য। তাদের বিবাহিত জীবন নিয়ে এলিন নরডেগ্রেন মুখ খুলবেন না, বিবাহবিচ্ছেদের আগে ও পরে এটাই ছিল গলফ তারকা টাইগার উডসের অলিখিত শর্ত। কিন্তু সদ্য সাবেক স্বামীর কথায় কান না দিয়ে বললেন, বাধ্য হয়েই উডসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি। গত নভেম্বর থেকে উডসের একাধিক নারী কেলেঙ্কারির কথা একের পর এক বেরিয়ে আসছিল। এটি নিয়ে এলিনের মনে কি প্রতিক্রিয়া হয়েছিল জানতে চাইলে তিনি খোলাখুলি বলেন, এসব শোনার পর থেকে তাকে একটা নারকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। এত বছর এক সঙ্গে থেকেও তিনি কেন স্বামীর গোপন জীবনের কথা বুঝতে পারেননি এলিন? প্রশ্নের জবাবে তিনি বলেন ''বিশ্বাস করুন একবারও কোনো সন্দেহ হয়নি। তাই আমি যখন এসব শুনছিলাম, তখন নিজেকে বোকা ছাড়া কিছুই মনে হচ্ছিল না। আসলে ঘর-সংসার, সন্তান এবং তাদের স্কুল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হত। উডস কোথায় কি করে বেড়াচ্ছিল সে সম্পর্কে কোনো ধারনাই ছিল না।'' সুইডেনের সাবেক এই মডেল আরো জানিয়েছেন তার সাবেক স্বামীর এসব কেলেঙ্কারির কথা জানতে পেরেও মাসের পর মাস তিনি চেষ্টা করেছেন বিয়েটা টিকিয়ে রাখতে। উডসের সঙ্গে পুনর্বাসন কেন্দ্রে গিয়েছেন, পরামর্শ নিয়েছেন মনোবিদের। চেষ্টা করেছেন আচমকা আসা পারিবারিক ঝড়ে তাদের সম্পর্ক যেন ছিন্ন না হয়। তারপরও কোনো কিছুতেই লাভ হয়নি। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এলিন বলেন ''পারস্পরিক ভালবাসা আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টিকিয়ে রাখা যায় না। আমি উডসকে একান্তভাবে বিশ^াস করেছিলাম, ভালবেসেছিলাম। ওর ভালবাসায় নিজেকে নিরাপদ মনে করেছিলাম। কিন্তু সবই এখন শেষ হয়ে গেছে।'' ৩০ বছর বয়সী সাবেক সুইডিশ মডেল এখন তার লেখাপড়া ফের শুরু করবেন। মনোবিজ্ঞানে ডিগ্রি নেবেন এলিন। পাশাপাশি দুই সন্তান তিন বছর বয়সী কন্যা স্যাম এবং ১৯ মাস বয়সী ছেলে চার্লিকে নিয়েই দিন কাটাবেন তিনি। বিশ্বের এক নম্বর গলফ খেলোয়াড় টাইগার উডসের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায় গত সোমবার। গত বছর উডসের যৌন কেলেঙ্কারির ঘটনার জের ধরে স্ত্রী সাবেক সুইডিশ মডেল এলিন নরদেগ্রেনের সঙ্গে এই বিচ্ছেদের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬৩৮ ঘ.