মিয়ামি, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবশেষে আশঙ্কাই সত্য হলো। বিশ্বের এক নম্বর গলফ খেলোয়াড় টাইগার উডসের সঙ্গে সোমবার তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে।
গত বছর উডসের যৌন কেলেঙ্কারির ঘটনার জের ধরে স্ত্রী সাবেক সুইডিশ মডেল এলিন নরদেগ্রেনের সঙ্গে এই বিচ্ছেদের ঘটনা ঘটে।
সোমবার এক যৌথ বিবৃতির মাধ্যমে ৬ বছরের দাম্পত্যজীবন অবসানে সমঝোতামূলক বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এ সময় উভয়ের পরস্পরের জন্য শুভকামনা জানান।
বিবৃতিতে বলা হয় ''আমরা দুঃখিত যে আমাদের সম্পর্ক আর নেই। পরস্পরের উজ্জ্বল ভবিষ্যত প্রত্যাশা করি আমরা। সম্পর্ক না থাকলেও আমরা আমাদের দুই সন্তানের অভিভাবক থাকবো। সবসময়ই ওদের সুখ-স্বাচ্ছন্দ্য আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে।''
তাদের দুই সন্তান রয়েছে। তিন বছর বয়সী কন্যা স্যাম ও এক বছর বয়সী চার্লি। সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা সবকিছু করবেন বলেও অঙ্গীকার করেন ৩৪ বছর বয়সী উডস ও ৩০ বছর বয়সী নরদেগ্রেন।
গত বছরের ২৭ নভেম্বর গাড়ি দুর্ঘটনার শিকার হন উডস। এই দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়েই একাধিক নারীর সঙ্গে উডসের শারীরিক সম্পর্কের তথ্য বেরিয়ে আসে।
এতেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হন উডস। ব্যক্তিগত এসব ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন, বেশকিছুদিন গলফ থেকে দূরে থেকে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না।
এ বছরের জুলাই মাসে বিয়ে বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন নরদেগ্রেন। সবশেষে ফ্লোরিডার পানামা সিটি আদালতে সোমবার তাদের বিয়ে বিচ্ছেদ চূড়ান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এটি ১০৪০ঘ.
bdnews24