২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজ জেতালেন ম্যান সিটিকে

ইংলিশ প্রিমিয়ার লিগে 'বড় দল' হওয়ার দাবী জোরালো হচ্ছে ম্যানচেস্টার সিটির। সোমবার তারা ৩-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী লিভারপুলকে। দলের আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ করেছেন দুটি গোল। অপর গোলটি গ্যারেথ বেরির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাষ্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে 'বড় দল' হওয়ার দাবী জোরালো হচ্ছে ম্যানচেস্টার সিটির। সোমবার তারা ৩-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী লিভারপুলকে। দলের আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ করেছেন দুটি গোল। অপর গোলটি গ্যারেথ বেরির। ৭৩ বছরের মধ্যে লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির এটিই সবচেয়ে বড় জয়। গত মৌসুমে ক্লাবের নতুন মালিক আবুধাবির ধনকুবের শেখ মনসুর অর্থ খরচে কার্পণ্য করেননি। লিগে পঞ্চম হয়ে অল্পের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় ম্যানসিটি। নতুন মৌসুমে ফের আটঘাট বেধে নেমেছে ক্লাবটি। ইতিমধ্যেই খেলোয়াড় কিনতে ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে তারা। তার ফলও পেতে শুরু করেছে ম্যান সিটি। প্রিমিয়ার লিগে ২০০৫ সালের পর এই প্রথম লিভারপুলকে হারাল ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো মাঠে হাজির ছিলেন মালিক শেখ মনসুর। সমর্থকরা তাকে অভিনন্দন জানায় দাঁড়িয়ে। আর খেলোয়াড়রা তাকে সম্মান জানায় জয় তুলে। সোমবার ম্যানসিটির হয়ে অভিষেক হয় সদ্য দলে যোগ দেয়া ইংলিশ মাঝ মাঠের খেলোয়াড় জেমস মিলনারের। অভিষেকেই দারুণ খেলেছেন তিনি। ১৩ মিনিটে প্রথম গোলের উৎস রচনা করেন তিনিই। তার পাস থেকেই সহজ গোল করে যান বেরি। প্রথমার্ধে এক গোলেই এগিয়েছিল ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে তেভেজ দলের জয় নিশ্চিত করেন। ৫২ মিনিটে লিভারপুলের রক্ষণভাগের ভুলে দ্বিতীয় গোল খায় তারা। হেড করেছিলেন রিচার্ডস। সেই বলে ছোট বক্সের মধ্যে পা ছুঁইয়ে গোল করেন তেভেজ। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের শেষ গোলটি করেন তেভেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ ১৫৫৭ ঘ.