২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউয়ের ড্র, হতাশ ও ক্ষুব্ধ ফার্গুসন

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করে শুধু হতাশই হননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, রীতিমতো ক্ষুব্ধও তিনি। বলেছেন, সুযোগ নষ্ট ও ভুলের মাশুলই গুনতে হয়েছে তার দলকে। তাই ভবিষ্যতে আরো সাবধান হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করে শুধু হতাশই হননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, রীতিমতো ক্ষুব্ধও তিনি। বলেছেন, সুযোগ নষ্ট ও ভুলের মাশুলই গুনতে হয়েছে তার দলকে। তাই ভবিষ্যতে আরো সাবধান হতে হবে। লিগের আরেক খেলায় রোববার অবশ্য গোল-বন্যা বইয়ে দেয় নিউক্যাসল ইউনাইটেড। ৬-০ গোলে অন্যতম বড় দল অ্যাস্টন ভিলাকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে দলটি। যদিও প্রথম খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হার মানতে হয়েছিল তাদের। হ্যাট্রিক করেছেন নিউক্যাসলের অ্যান্ডি ক্যারল। দু'টি গোল দিয়েছেন কেভিন নোলান। অন্য গোলটি করেন জোয়ি বার্টন। ফুলহ্যামের বিপক্ষে ক্রাভেন কটেজ মাঠে গত দুই মৌসুমেই হেরেছিল ম্যান ইউ। এবার করলো ড্র। খেলার ১১ মিনিটে পল স্কোলসের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে ম্যান ইউয়ের হয়ে এটি ছিল ৩৫ বছর বয়সী স্কোলসের ১৫০তম গোল। বিরতির পর গোল শোধ করেন ফুলহ্যামের ডেভিস। এরপরই শুরু হয় নাটক। রায়ান গিগসের কর্নার মাথা দিয়ে ফেরাতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেন ফুলহ্যামের রক্ষণভাগের খেলোয়াড় ব্রিড হ্যাঙ্গেল্যান্ড। ২-১ গোলে এগিয়ে যায় ম্যান ইউ। কিছুক্ষণ পরই ৩-১ গোলে এগিয়ে যেতে পারত ম্যান ইউ। কিন্তু পারেনি ন্যানির ব্যর্থতায়। খেলার ৮৪ মিনিটে পেনাল্টি পায় ম্যান ইউ। কিন্তু ন্যানির পেনাল্টি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক ডেভিড স্টকডেল। ৮৯ মিনিটে ড্যামিয়েন ডাফির কর্নার থেকে সেই হ্যাঙ্গেল্যান্ডই মাথা ঠেকিয়ে গোল করে ফুলহ্যামকে একটি পয়েন্ট এনে দেন। পরিশোধ করেন ভুলের মাশুল। খেলা শেষে ক্ষুব্ধ ফার্গুসন বলেন, ''আপনি যখন ২-১ গোলে এগিয়ে, তখন পেনাল্টি পাওয়া মানেই দলের জয় নিশ্চিত হয়ে যাওয়া। কিন্তু এমন সুযোগ নষ্ট করলে তো তার মূল্য আপনাকে দিতেই হবে। আর সেটাই দিয়েছি আমরা। এ থেকে খেলোয়াড়দের শিক্ষা নিতে হবে।'' খেলায় ম্যান ইউয়ের হয়ে মাঠে নামেননি আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনি। কারণ হিসেবে বলা হয়েছে, পেটের পীড়ায় ভুগছেন তিনি। কিন্তু রুনিকে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে যে ফর্মে ফিরতে না পারলে মাঠের বাইরেই থাকতে হবে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮০০ ঘ.