ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেন টেনিস থেকে শনিবার নাম প্রত্যাহার করে নিয়েছেন হুয়ান মার্টিন দেল পোত্র। ২০০৯ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি।
দেল পোত্র বলেন, "আমি আমার ফর্মের চুড়ান্ত পর্যায়ে নেই।" মে মাসে তার ডান কব্জিতে অস্ত্রোপচার করা হয়েছিল।
ইউএস ওপেনে পুরুষ এককের ৪২ বছরের ইতিহাসে দেল পোত্র হলেন তৃতীয় ব্যক্তি, যিনি শিরোপা রক্ষার লড়াইয়ে নামছেন না।
ডান কব্জিতে চোটের কারণে জানুয়ারির অস্ট্রেলিয়া ওপেনের পর আর কোর্টে ফেরেননি ২১ বছর বয়সী আর্জেন্টিনার এই খেলোয়াড়।
তিনি বলেন, "বছরের শেষ গ্র্যান্ড স্লামে খেলতে না পারায় আমি খুবই দুঃখিত।" প্রতিযোগিতা শুরু হবে ৩০ অগাস্ট।
এর আগে চোটের কারণে শুক্রবার মেয়েদের র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামস ইউএস ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪৫ ঘ.
bdnews24