ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও সেরি 'আ'-র বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান শেষ পর্যন্ত ৩-১ গোলে এএস রোমাকে হারিয়ে ইতালির সুপার কাপ জিতেছে। গত মৌসুমেও রানার-আপ হয়েছিল এএস রোমা।
এটা এ বছরে ইন্টারের চতুর্থ শিরোপা।
চলতি মৌসুমে ইন্টার ছেড়ে কোচ হোসে মরিনহো যোগ দেন রিয়াল মাদ্রিদে। ইন্টারে কোচ হিসেবে আসেন লিভারপুলের রাফায়েল বেনিটেজ। তিনি যাত্রা শুরু করলেন শিরোপা জয়ের মধ্য দিয়ে।
এক গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণভাগের স্যামুয়েল ইতো দু'টি গোল করে জয়ের মুখ দেখান ইন্টারকে।
সানসিরো স্টেডিয়ামে শনিবার খেলার ২১ মিনিটে রোমার জো আর্নে রিসার গোলে পিছিয়ে পড়ে ইন্টার। তখন পর্যন্ত খেলায় দাপট রোমারই। ৪১ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় ভুসিনিচের ভুলে গোল শোধ করেন ইন্টারের পানডেভ।
ইতো ৭০ মিনিটে ইন্টারকে এগিয়ে নেন। মিলিতো আড়াআড়িভাবে বল ঠেলে দেন ক্যামেরুনের আক্রমণভাগের এই খেলোয়াড়ের কাছে। গোল করতে ভুল করেননি তিনি।
দশ মিনিট পর রোমার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইতো।
আগামী সপ্তাহে শুরু হচ্ছে সেরি 'আ'। প্রতিযোগিতায় টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। শিরোপার দৌড়ে এবারো এগিয়ে রয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১৩ ঘ.
bdnews24