ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের টেনিসে ৩৫ বছরের মধ্যে এমন ঘটনা এবারই প্রথম ঘটতে চলেছে। বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা অংশ নিতে পারছেন না ইউএস ওপেন টেনিসে।
র্যাঙ্কিং সেরা খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস তার নিজ দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার ডান পায়ের ক্ষত এখনো পুরোপুরি ঠিক হয়নি বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনবার ইউএস ওপেন শিরোপা জেতা সেরেনা উইলিয়ামস।
সেরেনা শুক্রবার বলেছেন, "গভীর হতাশা ও দুঃখের সাথে জানাচ্ছি যে আমি ইউএস ওপেন টেনিসে খেলতে পারছি না।"
১৩ টি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতা সেরেনা বলেন, "বড় ক্ষতির আশঙ্কায় ডাক্তার আমাকে খেলতে নিষেধ করেছেন।"
এ টুর্নামেন্টে অংশ নিতে না পারাটা তার খেলোয়াড়ি জীবনের চূড়ান্ত হতাশার মুহূর্ত বলেও তিনি জানান।
গতবছর ইউএস ওপেন টেনিসের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন সেরেনা। একই সাথে ম্যাচ পরিচালকের সিদ্ধান্তের প্রতিবাদ করায় তাকে রেকর্ড পরিমাণ জরিমানাও গুণতে হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/২১১২ ঘ.
bdnews24