২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুন্দেসলিগায় বায়ার্নের শুভসূচনা

দুই জার্মান বিশ্বকাপ তারকা টমাস মুলার এবং বাস্টিন শোয়াইন্সটিগারের গোলের সুবাদে বুন্দেসলিগায় শুভসূচনা হলো চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই জার্মান বিশ্বকাপ তারকা টমাস মুলার এবং বাস্টিন শোয়াইন্সটিগারের গোলের সুবাদে বুন্দেসলিগায় শুভসূচনা হলো চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। শুক্রবার উদ্বোধনী খেলায় মুলার এবং অতিরিক্ত সময়ে শোয়াইন্সটিগারের গোলে বায়ার্ন ২-১ গোলে হারায় উলফসবার্গকে। খেলা শুরুর ৯ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। গোল করেন বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার ট্রফি পাওয়া মুলার। তবে বিরতির পরই সেই গোল শোধ করে দেন উলফসবার্গের এডিন ডিজেনকো। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই বায়ার্নকে পুরো পয়েন্ট এনে দেন শোয়াইন্সটিগার। গোটা ম্যাচে বায়ার্নের সঙ্গে সমানতালেই লড়েছে উলফস। এমনকি ৪৭ মিনিটে দলের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও ক্রুকসের শট বায়ার্নের পোস্টে লেগে ফিরে না এলে খেলার ফল অন্যরকম কিছু হতে পারতো। দ্বিতীয়ার্ধে বায়ার্নকে বেশ ভালোভাবেই চেপে ধরেছিল উলফসবার্গ। তেমনি একটি আক্রমণ হতে কর্নার পায় তারা। মিসিমোভিচের কর্নার থেকে হেডে গোল করেন গত মৌসুমে দলের সর্বাধিক গোলদাতা এডিন। কিন্তু শেষ মুহূর্তে শোয়াইন্সটিগারের গোলে হার মেনেই মাঠ ছাড়তে হয় উলফসবার্গকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৯১৭ ঘ.