২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির পাশে বাতিস্তা

লিওনেল মেসিকে নিয়ে জাতীয় দলের সতীর্থ মার্টিন পালের্মোর মন্তব্যে গোটা আর্জেন্টিনায় এখন তোলপাড় চলছে। তিনি বলেছিলেন, ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা করা চলে না। কারণ ম্যারাডোনার মতো চারিত্রিক দৃঢ়তাই নেই মেসির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসিকে নিয়ে জাতীয় দলের সতীর্থ মার্টিন পালের্মোর মন্তব্যে গোটা আর্জেন্টিনায় এখন তোলপাড় চলছে। তিনি বলেছিলেন, ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা করা চলে না। কারণ ম্যারাডোনার মতো চারিত্রিক দৃঢ়তাই নেই মেসির। এই পরিস্থিতিতে মেসির পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তা। বুয়েনস আয়ার্সের একটি পত্রিকাকে তিনি বলেন, ''মাঠে মেসি সব সময়ই দুর্দান্ত। আর ওর নম্র স্বভাবও আমার পছন্দ। ফুটবল খেলা দারুণ উপভোগ করে মেসি। খেলে নিজের মতো করে। এই স্বাধীনতাই বার্সেলোনা মেসিকে দিয়েছে। আরো অনেকদিন মেসি বিশ্বের সেরা ফুটবলারের মর্যাদা ধরে রাখবে বলেই আমার বিশ্বাস।'' ম্যারাডোনা এবং মেসির মধ্যে পার্থক্য সম্পর্কে বাতিস্তা বলেন, ''আসলে ম্যারাডোনার মতো একাই দলকে নেতৃত্ব দিতে পারে না মেসি। যদিও ম্যারাডোনার মতো মেসিও দলকে খেলাতে পারে। ওর মধ্যে ম্যারাডোনার নাছোড়বান্দা ও মেজাজী ভাবটা নেই। মেসি সব চাপ নিতে অভ্যস্ত নয়। আসলে ও বার্সার খেলার ধারাতেই অভ্যস্ত।'' বাতিস্তার মতে, বার্সেলোনায় মেসিকে যে স্বাধীনভাবে খেলার সুযোগ দেয়া হয় সেটাই সে বেশি উপভোগ করে। ক্লাব ফুটবলে মেসিকে বিশ্বসেরা বলে মানেন আর্জেন্টিনার কোচ। তবে জাতীয় দলের হয়ে মেসিকে এখনো ম্যারাডোনার সঙ্গে তুলনা করার সময় আসেনি বলে মনে করেন বাতিস্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০০৫ ঘ.