ঢাকা, অগাষ্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের হয়ে পরবর্তী ১৮ ম্যাচে নিষিদ্ধ হওয়ার পর মুখ খুললেন ফরাসি স্ট্রাইকার নিকোলাস অ্যানেলকা। স্পষ্ট জানিয়ে দিলেন, ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা 'একদল ভাঁড়' ছাড়া আর কিছুই নন। শাস্তির কথা শুনে তার হাসি ছাড়া আর কিছু পায়নি।
দক্ষিণ আফ্রিকা বিশ^কাপে তখনকার কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়েছিলেন নিকোলাস অ্যানেলকাসহ বেশ কিছু খেলোয়াড়। বিদ্রোহ করেন তারা। অ্যানেলকাকে তখনই বিশ^কাপ থেকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়। সেই ঘটনার সুত্র ধরেই অ্যানেলকাসহ মোট চার খেলোয়াড়কে শাস্তি দেয় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি'র স্ট্রাইকার বলেন ''আমি বুঝতে পারছি নিজেদের মুখ রক্ষা করতে তদন্ত কমিশন আমার বিপক্ষে এই রায় দিয়েছে। এটা তামাশা ছাড়া আর কিছু নয়। সত্যিকার অর্থে কি হয়েছিল সেটা আমি জানি।''
একইভাবে জাতীয় দলের হয়ে খেলোয়াড়ি জীবন নিয়েও চিন্তিত নন ৩১ বছর বয়সী এই ফুটবলার। যেমনটা বলছিলেন ''আমি তো জানি বিশ^কাপ চলাকালে সেই ১৯ জুনই ফ্রান্সের হয়ে আমার খেলোয়াড়ি জীবন শেষ হয়ে গেছে। নতুন করে আর কি হবে? আসলে ওদের ভাঁড়ামি দেখে আমি হেসে মরেছি।''
এফএফএফ অ্যানেলকার পাশাপাশি প্যাট্রিক এভারকে ৫, ফ্রাংক রিবেরিকে ৩ এবং জেরেমি তুলোকে ১ ম্যাচ নিষিদ্ধ করেছে।
বিশ^কাপে ফ্রান্স প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। তারপরই চাকরি শেষ হয়ে যায় কোচ ডমেনেখের।
১৯৯৮ সালে জাতীয় দলের হয়ে অ্যানেলকার অভিষেক হয় সুইডেনের বিপক্ষে। তারপর ফ্রান্সের হয়ে মোট ৬৯ টি ম্যাচ খেলেছেন অ্যানেলকা। গোল করেছেন ১৪টি। ২০০৮ সালে ১৫ মিলিয়ন পাউন্ডে তিনি যোগ দেন চেলসিতে। খেলছেন সেখানেই।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় চেলসি। চেলসির হয়ে ৮৪ ম্যাচে ৩৯ গোল করেছেন এই স্ট্রাইকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ ১৬৫১ ঘ.
bdnews24