ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান চ্যাম্পিয়ন চেলসির মতো রানার-আপ ম্যানচেস্টার ইউনাইটেডও ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে তাদের যাত্রা শুরু করলো। সোমবার রাতে প্রিমিয়ার লিগে ম্যান ইউ তাদের প্রথম খেলায় ৩-০ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে।
নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে গোল করেন দিমিতার বার্বাতভ, ড্যারেন ফ্লেচার এবং রায়ান গিগস।
তবে দল সহজে জিতলেও হতাশ করেছেন স্ট্রাইকার ওয়েন রুনি। গোল করতে পারেননি তিনি। অনেকদিন হলো গোল পাচ্ছেন না এই তারকা। সেটি ক্লাব এবং জাতীয় দল দু'টোতেই। রুনি শেষ গোল করেছিলেন ম্যান ইউ'র হয়ে গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
যদিও ম্যান ইউ ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন রুনিকে নিয়ে চিন্তিত নন। বরং প্রথম ম্যাচ পরেই তার ভাবনায় এসে গিয়েছে চেলসি। ম্যাচ শেষে বলেছেন, ''কোনো মতেই চেলসির ওপর থেকে চাপ হালকা করা যাবে না। এভাবেই খেলে যেতে হবে আমাদের।''
ফার্গুসনের বিশ্বাস এবারও শিরোপা জেতার পথে তাদের এক নম্বর বাঁধা হয়ে দাঁড়াবে চেলসিই। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে দিদিয়ের দ্রগবার হ্যাটট্রিকে চেলসি ৬-০ গোলে হারায় ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে।
মঙ্গলবার তিন গোলে জিতে কোচ ফার্গুসন খুশি। তিনি বলেন, ''এটি মৌসুমের প্রথম ম্যাচ। তাতে ছেলেরা ভালো ফুটবল খেলেছে। হয়তো বার্বাতভ কয়েকটি গোল মিস করেছে। তবে সব মিলিয়ে আমি সন্তুষ্ট।''
খেলায় বর্ষীয়ান পল স্কোলস যে নৈপুণ্য দেখিয়েছেন, তাতে ফার্গুসনও মুগ্ধ। একই সঙ্গে আরেক অভিজ্ঞ খেলোয়াড় রায়ান গিগসও দুর্দান্ত খেলেছেন।
খেলার শুরু থেকে প্রাধান্য ছিল ম্যানচেস্টারের। তবে গোল পেতে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে প্রায় আধ ঘন্টা। বুলগেরিয়ান স্ট্রাইকার বার্বাতভই এগিয়ে দেন ম্যান ইউ'কে। ভ্যালেন্সিয়ার কাছ থেকে বল পান জন ও'শেহা। তিনি সেটা বাড়ান পল স্কোলসকে। তার মাপা পাস থেকে কোনাকুনি শটে ডি বক্সের ভেতর থেকে গোল করেন বার্বাতভ (১-০)।
বিরতির ঠিক আগে দ্বিতীয় গোল পায় ম্যান ইউ। প্যাটট্রিক এভরা বাঁ প্রান্ত থেকে বল ফেলেন নিউক্যাসলের ডি বক্সে। জটলার মধ্যে তা পেয়ে যান ফ্লেচার। ডান পায়ের আলতো শটে গোল করতে ভুল হয়নি তার।
রুনির জায়গায় নামেন মেক্সিকোর তারকা হ্যাভিয়ের হার্নান্ডেজ। বদলি খেলোয়াড় হিসেবে নেমে খেলা শেষ হওয়ার সামান্য আগে তৃতীয় গোলটি করেন গিগস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৫৫১ ঘ.
bdnews24