ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম বড় ম্যাচে রোববার আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। দুই দলের দুই গোলরক্ষকের ভুলেই ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।
তারপরও লিভারপুলের স্প্যানিশ গোলরক্ষক পেপ রেইনা এবং আর্সেনালের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল আলমুনিয়াকে তাদের দলের কেউই দোষ দিচ্ছে না।
যদিও এই খেলায় জিততেই পারত লিভারপুল। লালকার্ড দেখেন এ মৌসুমে লিভারপুলে যোগ দেয়া ইংলিশ স্ট্রাইকার জো কোল এবং আর্সেনালে যোগ দেয়া লরেন্ত কোসেলনি। গোলশূন্য প্রথমার্ধের পর খেলা শুরু হতেই এগিয়ে যায় লিভারপুল। স্ট্রাইকার ডেভিড এনগগের শট গোলরক্ষক আলমুনিয়ার হাতের নাগালের মধ্যে দিয়ে আশ্রয় নেয় জালে।
আর্সেনাল গোল শোধ করে খেলা শেষ হওয়ার মাত্র ১৫ সেকেন্ড আগে। মরেন চামাকের হেডের বল রেইনার হাত ফস্কে জালে ঢোকে। তাতেই নিশ্চিত হার থেকে বেঁচে যায় আর্সেনাল।
খেলা শেষে লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড় জেমি কারাগের তার সতীর্থ রেইনাকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনি বলেন, ''আমি গোলের রিপ্লে দেখেছি। তাতে মনে হয়েছে রেইনাকে ধাক্কা দিয়েছিল চামাক। এ কারণেই বলটি ফস্কে গিয়েছিল ওর হাত থেকে। আমার মতে ওটা ফাউল ছিল। আমি এখনো বলবো রেইনা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক।''
অন্যদিকে আলমুনিয়ার পক্ষে কথা বলেছেন খোদ আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। তিনি বলেন, ''এটা আলমুনিয়ার ভুল সেটা বলা ঠিক হবে না। আসলে গোলের কৃতিত্বটা তো এনগগকেও দিতে হবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৮১৭ ঘ.
bdnews24