ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রজার্স কাপ টেনিস টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন অ্যান্ডি মারে ও রজার ফেদেরার। আর সিনসিনাটি ওপেনে মেয়েদের এককে ফাইনালে উঠেছেন কিম ক্লাইস্টার্স ও মারিয়া শারাপোভা।
শনিবারের প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ৬-৩ ও ৬-৪ গেমে হারান বিশ্বসেরা রাফায়েল নাদালকে। দ্বিতীয় সেমিফাইনালে ফেদেরার ৬-১, ৩-৬ ও ৭-৫ ব্যবধানে জেতেন নোভাক জোকোভিচের বিপক্ষে।
এ পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছেন মারে ও ফেদেরার। তার মধ্যে মারে জিতেছেন ৬ বার। যদিও ফাইনালে তিনবার ফেদেরারের কাছে হেরে গেছেন মারে। তারা সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। যেখানে অবশ্য জয় পান ফেদেরার।
অবসর থেকে ফেরার পর চমৎকার ফর্মে থাকা ক্লাইস্টার্স আবারও উঠে এলেন কোনো টুর্নামেন্টের ফাইনালে। শনিবার ক্লাইস্টার্সের বিপক্ষে সেমিফাইনালের প্রথম সেট চলাকালে বাঁ-পায়ের পাতায় আঘাত পাওয়ায় ম্যাচ থেকে সরে দাঁড়ান আনা ইভানোভিচ।
দিনের অন্য সেমিফাইনালে শারাপোভা ৬-৪, ৩-৬ ও ৬-২ গেমে হারান আনাসতাসিয়া প্যাভলিউচেঙ্কোভাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৯৫৫ ঘ.
bdnews24