ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম ড্র দিয়ে শুরু করলো ম্যানচেস্টার সিটি।
হোয়াইট হার্ট লেন স্টেডিয়ামে মৌসুমের প্রথমদিন শনিবার ম্যান সিটি ও টটেনহ্যাম হটস্পারের খেলাটি ০-০ গোলে শেষ হয়। তবে আক্রমণ ও বল দখলের লড়াইসহ সব দিক দিয়েই এগিয়েছিল টটেনহ্যাম। খেলার ৫৪ ভাগ সময়ই বল ছিল তাদের পায়ে। মাঝ-মাঠও ছিল তাদের নিয়ন্ত্রণে।
খেলায় টটেনহ্যাম ম্যান সিটির গোলপোস্টে শট নেয় ১৩বার। বিপরীতে কার্লোস তেভেজরা মাত্র চারবার শট নেন। যদিও গোলের দেখা মিলেনি ৯০ মিনিটে।
প্রিমিয়ার লিগের প্রথম খেলা বলেই হয়তো বাড়তি ঝুঁকি নেননি ফুটবলাররা। দেখেশুনে খেলে গেছেন তারা। দুই কোচও রক্ষণাত্মক কৌশল বেছে নিয়েছিলেন।
গতবার প্রিমিয়ার লিগে চতুর্থ হয়েছিল টটেনহ্যাম। বহু অর্থ খরচ করে দল গঠন করে ম্যান সিটি হয় পঞ্চম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০০৬ ঘ.
bdnews24