ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনের ক্রিস্টাল প্যালেসে ১০০ মিটার দৌড়ে সেরা হয়েছেন টাইসন গে। আমেরিকার এই তারকা অ্যাথলিট শুক্রবার ৯.৭৮ সেকেন্ডে তার দৌড় শেষ করেন। এবছর এতো কম সময়ে এই দূরত্ব আর কোনো দৌড়বিদ অতিক্রম করেনি।
গত ৬ অগাস্ট স্টোকহোমে ডায়মন্ড লিগে ১০০ মিটার দৌড়েও সোনা জিতেছিলেন গে। সেখানে তাকে লড়তে হয়েছিল বিশ্ব রেকর্ডের অধিকারী জ্যামাইকার উসাইন বোল্টের সঙ্গে। চোটের জন্য লন্ডনে নেই বোল্ট।
এই দৌড়ে গে'র আরেক কঠিন প্রতিপক্ষ আসাফা পাওয়েলও অংশ নিতে পারেননি। তাই লড়াই হয়েছে একপেশে। গে'র নিকটতম প্রতিপক্ষ ছিলেন তার চেয়ে দুই মিটার পেছনে।
৯.৮৯ সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় হন জ্যামাইকার ইয়োহান ব্ল্যাক। তৃতীয় হন অলিম্পিকে রুপা জয়ী রিচার্ড টম্পসন।
সপ্তাহ না ঘুরতেই আবারো এক শ' মিটার দৌড়ে জিতে গে জানালেন, লন্ডন সব সময়ই তার প্রিয় জায়গা। তিনি বলেন, ''খুবই ভালো লাগছে। আসলে আত্মবিশ্বাসের কোনো অভাব ছিল না।''
টাইসন গে এর আগে এই দূরত্ব অতিক্রম করেছিলেন ৯.৬৯ সেকেন্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮২৪ ঘ.
bdnews24