ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্র ফুটবল দলের কোচের পদ ছেড়ে দিয়েছেন বব ব্রাডলে। শোনা যাচ্ছে, ৫২ বছর বয়সী এই কোচ দায়িত্ব নিতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার।
ব্রাডলে যুক্তরাষ্ট্রের কোচ হয়েছিলেন ২০০৬ সালে। তার প্রশিক্ষণে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যুক্তরাষ্ট্র শেষ ষোলতে ওঠে। দ্বিতীয় পর্বে ঘানার কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে বিদায় নেয় তারা।
ব্রাজিলের বিপক্ষে যুক্তরাষ্ট্র প্রীতি ম্যাচ খেলে গত মঙ্গলবার। এটিই ছিল যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে ব্রাডলের শেষ ম্যাচ। এতে ব্রাজিল জেতে ২-০ গোলে। নতুন কোচের নাম ঘোষণা করতে যুক্তরাষ্ট্র একটু সময় নেবে বলে জানা গেছে।
এ মৌসুম শুরুর আগেই অ্যাস্টন ভিলার কোচ মার্টিন ও'নিল দায়িত্ব ছেড়ে দেন। তারই জায়গা নেবেন ব্রাডলে। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে শনিবার। প্রথম দিনেই ভিলা মুখোমুখি হচ্ছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের। তবে সেই ম্যাচে থাকছেন না ব্রাডলে। আগামী সপ্তাহে তাকে আনুষ্ঠানিকভাবে ভিলার কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০১১ ঘ.
bdnews24