ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড দল থেকে ডেভিড বেকহ্যামকে প্রায় ছেটে ফেলেছেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। যদিও এতে বিচলিত নন ৩৫ বছর বয়সী এই তারকা। সাফ জানিয়ে দিয়েছেন, এ মুহূর্তে অবসরের কথা তিনি ভাবছেন না। বয়স যতই হোক না কেনো, এখনো ফুরিয়ে যাননি বলে ঘোষণা দেন তিনি।
কোচ ক্যাপেলোর মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে ইংল্যান্ডে। খোদ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ''ডেভিড বেকহ্যামের অবিশ্বাস্য ফ্রি কিকের কথা কিছুতেই ভুলতে পারবো না। ইংল্যান্ড ফুটবলকে অনেক সুন্দর কিছু মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। বেকহ্যাম আর ইংল্যান্ডের হয়ে খেলবেন না, এ কথা শুনলে অনেকেই দুঃখ পাবেন।''
হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলে জেতার পর ক্যাপেলো বলেন, ''বিশ্বকাপের সময় বেকহ্যাম আমাকে অনেক সাহায্য করেছে। ওকে ধন্যবাদ। তবে ওকে আর দলে নেয়া সম্ভব নয়। কারণ ও বুড়ো হয়ে গেছে। ২০১২ সালের ইউরো বাছাই পর্বে আমার পরিকল্পনায় বেকহ্যাম নেই।''
এরপরই মুখ খোলেন বেকহ্যাম। তিনি বলেন, ''আমি সব সময় বলে এসেছি জাতীয় দল থেকে এখন অবসর নেব না। একটা ম্যাচের জন্য ডাকা হলেও আমি আছি, দশটা ম্যাচের জন্যও আছি। কিন্তু এখনই অবসর নয়। ইংল্যান্ডের হয়ে খেলা এখনো আমার কাছে সবচেয়ে বড় গর্বের বিষয়।''
বেকহ্যামকে মাঠ থেকে বিদায় নেয়ার একটি সুযোগ নাকি দিতে চান ক্যাপেলো। সেটা এ বছরের নভেম্বরে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে।
যদিও বেকহ্যামের পাশে আছেন বর্তমান অধিনায়ক স্টিভ জেরার্ড। তিনি বলেন, ''কোচের কথা কানে যাওয়া মাত্রই ডেভিড (বেকহ্যাম) সবাইকে ভুল প্রমাণের চেষ্টা করবে। ও কিংবদন্তীতুল্য ফুটবলার। দারুণ অধিনায়কও বটে।''
ইংল্যান্ডের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন বেকহ্যাম। তবে চোটের কারণেই তার খেলা হয়নি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৪৪ ঘ.
bdnews24