ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের অন্যতম সেরা ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে শনিবার। প্রথমদিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে তারা খেলবে প্রিমিয়ার লিগে উঠে আসা ওয়েস্ট ব্রমের সঙ্গে।
উদ্বোধনী দিনেই হবে আটটি খেলা। বাকি সাত খেলায় লড়বে অ্যাস্টন ভিলা-ওয়েস্টহ্যাম, ব্ল্যাকবার্ন-এভারটন, বোল্টন-ফুলহ্যাম, সান্ডারল্যান্ড-বার্মিংহাম, টটেনহ্যাম-ম্যানচেস্টার সিটি, উইগ্যান অ্যাথলেটিক-ব্ল্যাকপুল এবং উলভস-স্টোক সিটি।
গতবারের রানার-আপ ম্যানচেস্টার ইউনাইটেড সোমবার খেলবে প্রিমিয়ার লিগে উঠে আসা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে। এছাড়া আর্সেনাল লড়বে লিভারপুলের বিপক্ষে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যাট্রিক শিরোপা জয়ের পর গত মৌসুমে তাতে ইতি টানে চেলসি। জিতে নেয় প্রিমিয়ার লিগ শিরোপা। এবারও তারা আটঘাট বেঁধে নেমেছে কোচ কার্লোস আনচেলত্তির অধীনে। খেলোয়াড় কিনতে গিয়ে এরই মধ্যে খরচ করেছে পাঁচ মিলিয়ন পাউন্ড। চেলসিতে যোগ দিয়েছেন লিভারপুলের ইসরায়েল অধিনায়ক ইয়োশি বেনাইয়ন। ব্রাজিলের দুই উঠতি তারকা নেইমার ডি সিলভা এবং রামিরেসও যোগ দিতে যাচ্ছেন চেলসিতে।
তবে চেলসি ছেড়ে চলে গেছেন জো কোল ও মাইকেল বালাক।
প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর রেকর্ড ১৮ বার শিরোপা জেতে ম্যান ইউ। এবার হারানো শিরোপা আবারো উদ্ধার করতে চায় তারা। এজন্য তারা দলে টেনেছে মেক্সিকোর তারকা হাভিয়ের হার্নান্ডেজকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের 'সেরা চার' ম্যান ইউ, চেলসি, আর্সেনাল এবং লিভারপুল ছাড়াও এবার চমক দেখাতে পারে টটেনহ্যাম হটস্পার, ম্যানচেস্টার সিটি, এভারটন, অ্যাস্টন ভিলা । গত মৌসুমে আর্সেনাল তৃতীয়, টটেনহ্যাম চতুর্থ, ম্যানসিটি পঞ্চম, অ্যাস্টন ভিলা ষষ্ঠ এবং লিভারপুল সপ্তম হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৪৮ ঘ.
bdnews24