ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলে খেলার সম্ভাবনা হয়তো শেষ হয়ে গেল ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের। এরই মধ্যে কোচ ডেভিড ক্যাপেল্লো জানিয়ে দিয়েছেন, ২০১২ সালের ইউরো বাছাই পর্বে তিনি বেকহ্যামকে খেলাবেন না।
ক্যাপেল্লোর ভাষায়, ''বেকহ্যাম কিছুটা বুড়িয়ে গেছে।" তিনি এখন তরুণদের নিয়েই পথ চলতে চান। বুধবার প্রীতি ম্যাচে বেকহ্যামকে ছাড়াই ইংল্যান্ড ২-১ গোলে হারায় হাঙ্গেরিকে। এরপরই বেকহ্যামকে না খেলানোর ঘোষণা দেন তিনি।
বেকহ্যামকে ধন্যবাদ জানিয়ে ইংল্যান্ড কোচ বলেন, ''আমার ধারণা বেকহ্যাম নিজেই ওর ভবিষ্যত বুঝতে পেরেছে। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এ অবস্থায় দলে ওকে জায়গা দেয়া সম্ভব নয়। আমার খেলার কৌশলের সঙ্গে ও মানিয়ে নিতে পারবে না। এ কারণে বলাই যায় বেকহ্যামের আন্তর্জাতিক ফুটবল-জীবন শেষ।''
চোটের কারণে গত কয়েক বছর ধরে ইংল্যান্ড দলে নিয়মিত ছিলেন না বেকহ্যাম। ২০১০ সালের বিশ্বকাপের বাছাইপর্বে কয়েকটি ম্যাচ খেললেও চোটের জন্য খেলেননি বিশ্বকাপে। তবে বিশ্বকাপে তিনি ছিলেন ইংল্যান্ড দলের অন্যতম পরামর্শক।
এদিকে বেকহ্যামের ম্যানেজার জানিয়েছেন, এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো চিন্তা-ভাবনা করছেন ইংল্যান্ড তারকা। দলের প্রয়োজনে যে কোনো সময়ে খেলতে রাজি বেকহ্যাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০৬ ঘ.
bdnews24