ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অন্তবর্তীকালীন থেকে পূর্ণাঙ্গ কোচ হওয়ার দাবি জোরদার করে তুললেন সার্জিও বাতিস্তা। অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে তার দল আর্জেন্টিনা বুধবার প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে ১-০ তে। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান স্পেন ১-১ গোলে ড্র করেছে মেক্সিকোর সঙ্গে। ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে রানার-আপ নেদারল্যান্ডস ও ইউক্রেইনের খেলাটিও।
ডাবলিনে খেলার ২০ মিনিটে গোঞ্জালো হিগুয়েনের কাছ থেকে বল পেয়ে আয়ারল্যান্ডের গোলরক্ষক শে গিভেনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে জয়সূচক গোলটি করেন ডি মারিয়া। তবে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা অফ-সাইডের দাবি জানিয়েছিল।
বাতিস্তা মূলত আর্জেন্টিনার যুব দলের কোচ। ডিয়েগো ম্যারাডোনাকে বাদ দিয়ে গত মাসে জাতীয় দলের দায়িত্ব দেয়া হয় তার হাতে।
খেলার ১৩ মিনিটে লিওনেল মেসি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু গোলরক্ষক তা আটকে দেন। অবশ্য রেফারিও অফ-সাইড ধরেন।
এই ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেললেন আয়ারল্যান্ডের অধিনায়ক রবি কিন।
এদিকে মেক্সিকো সিটির অ্যাজটেকো স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলেয়াড় হাভিয়ের হার্নান্দেজের গোলে মেক্সিকো এগিয়ে যায় খেলার ১২ মিনিটে। স্পেনের ভাগ্য ভালো। ডেভিড সিলভা গোল শোধ করেন অতিরিক্ত সময়ের (৯০ ) দুই মিনিটে।
ইউক্রেনের দনেস্কতে নেদারল্যান্ডস মাঠে নামায় অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি দল। বিশ্বকাপের কোনো খেলোয়াড়ই ছিল না দলে। তারপরও ৭২ মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় জেরেমেইন লেন্স এগিয়ে নেন দলকে। কিন্তু পরের মিনিটেই গোল শোধ করেন ইউক্রেইনের মাঝ-মাঠের খেলোয়াড় অলেকসান্দর অলিয়েভ।
ওয়েম্বলিতে প্রথমে হাঙ্গেরির বিপক্ষে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। কিছক্ষণ পর বক্সের বাইরে থেকে অধিনায়ক স্টিভেন জেরার্ড তীব্র শট নেন হাঙ্গেরির গোলপোস্টে। বাতাসে বাঁক নিয়ে তা জড়িয়ে যায় জালে। সেই সঙ্গে খেলায় ফিরে আসে ইংল্যান্ড। এর কিছুটা সময় পর জেরার্ড বক্সের ভেতর রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে তৃতীয়জনকে ফাঁকি দিলে বল পাঠিয়ে দেন কাক্সিক্ষত ঠিকানায়।
দিনের আরেক খেলায় ফ্রান্স হার মেনেছে ২-১ গোলে নরওয়ের কাছে। ফ্রান্সের নতুন কোচ লরে ব্লাঙ্ক বিশ্বকাপ দলের ২৩ খেলোয়াড়ের সবাইকে বাদ দিয়ে একেবারে নতুন একটি দল মাঠে নামান।
অন্য খেলায় জার্মানি ২-২ গোলে ড্র করেছে ডেনমার্কের সঙ্গে। ক্যামেরুন ৩-০ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকা ১-০ গোলে জিতেছে ঘানার বিপক্ষে। ওয়েলস ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে। আলবেনিয়া ১-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে সুইজারল্যান্ড। ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে স্লোভাকিয়া ও ক্রোয়েশিয়ার ম্যাচ। তুরস্ক ২-০ গোলে জিতেছে রোমানিয়ার সঙ্গে। স্লোভেনিয়া ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। গ্রিস ১-০ গোলে জিতেছে সার্বিয়ার বিপক্ষে। এঙ্গোলা ২-০ গোলে হার মানে উরুগুয়ের কাছে। বলিভিয়া ও কলম্বিয়ার খেলা ড্র হয়েছে ১-১ গোলে এবং প্যারাগুয়ে ২-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪৬ ঘ.
bdnews24