২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় নিয়ে শুরু 'নতুন' ব্রাজিলের

নতুন চেহারার ব্রাজিল বিশ্বকাপ ব্যর্থতার পর তাদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারাল যুক্তরাষ্ট্রকে। বুধবার নিউজার্সির মিডোল্যান্ডস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নেইমার এবং আলেকজান্দ্রে পাতোর গোলে জেতে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন চেহারার ব্রাজিল বিশ্বকাপ ব্যর্থতার পর তাদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারাল যুক্তরাষ্ট্রকে। বুধবার নিউজার্সির মিডোল্যান্ডস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নেইমার এবং আলেকজান্দ্রে পাতোর গোলে জেতে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে নতুন কোচ মানো মেনোজেসের যাত্রা শুরু হল জয় দিয়েই। স্যান্তোসের ১৮ বছর বয়সী আক্রমণভাগের খেলোয়াড় নেইমার প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে নেমেছিলেন। আর ব্রাজিলের হয়ে অভিষেক ম্যাচেই তিনি গোল পান। ২৯ মিনিটে তার গোলেই এগিয়ে যায় ব্রাজিল। ব্যবধান দ্বিগুণ করেন পাতো। ২০ বছর বয়সী এসি মিলান তারকা ব্রাজিলের হয়ে তার নবম ম্যাচে করেন দ্বিতীয় গোল। নেইমার এবং পাতো দু'জনকেই সাবেক কোচ কার্লোস ডুঙ্গা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেননি। নতুন কোচ মেনেজেস বলেছিলেন তিনি ডুঙ্গার রক্ষণাত্মক ফুটবলের খোলস থেকে বেরিয়ে আসবেন। দলকে ফিরিয়ে আনবেন সেই চিরচেনা আক্রমণাত্মক ফুটবলে। গোটা বিশ্ব যাকে চেনে 'জোগো বোনিতো' কিংবা 'সুন্দর ফুটবল' হিসেবে। প্রথম ম্যাচেই তার আভাস রেখেছেন মেনেজেস। ডুঙ্গার যে ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিয়েছিল, তার চেয়ে অনেক ভালো খেলেছে 'নতুন' ব্রাজিল। দলকে মেনেজেস খেলিয়েছেন ৪-৩-৩ পদ্ধতিতে। সামনে আক্রমণে ছিলেন নেইমার, পাতো এবং এ ম্যাচের অধিনায়ক রবিনহো। ম্যাচ শেষে মেনেজেস বলেছেন তিনি এ ছকেই দলকে গড়ে তুলবেন। জয়ের অন্যতম নায়ক নেইমার কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, '' মেনেজেস আমাদের আত্মবিশ্বাস এবং ছন্দ ফিরিয়ে আনছেন। মাঠে খেলার জন্য আমাদের যথেষ্ট স্বাধীনতাও দিয়েছিলেন। এমন জয়ের সেটাই আসল কারণ।'' ২৯ মিনিটে একটি ত্রিভুজ আক্রমণ থেকে এগিয়ে যায় ব্রাজিল। নেইমার বল দিয়েছিলেন রবিনহোকে। তিনি সেটি যোগান দেন আন্দ্রে স্যান্তোসকে। তার মাপা ক্রসে মাথা ছুঁইয়ে দুরন্ত গোল করে যান নেইমার। যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের জোনাথন এবং গোলরক্ষক টিম হাওয়ার্ড কিছুই করতে পারেননি। ব্রাজিল দ্বিতীয় গোল পায় বিরতির ঠিক আগে। যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের দুই খেলোয়াড় জোনাথন এবং কার্লোস বোকানেগ্রোর মাঝ দিয়ে চমৎকার বল ঠেলে দেন মধ্যমাঠের খেলোয়াড় রামিরেস। সেই বল ধরে চকিত শটে গোল করেন পাতো। শেষ পর্যন্ত এই দুই গোলের ব্যবধানেই জেতে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এটি ব্রাজিলের ১৫ নম্বর জয়। বিপরীতে যুক্তরাষ্ট্রের জয় মাত্র একটিতে। এটাই ছিল যুক্তরাষ্ট্রের বর্তমান কোচ বব ব্রাডলির শেষ ম্যাচ। তার চুক্তির মেয়াদ শেষ। মেয়াদ বাড়বে নাকি নতুন কোচ দায়িত্ব পাবেন সেটি জানা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই। শোনা যাচ্ছে ব্রাডলি ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলের কোচ হতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৫০ঘ.