২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টের কাছে ইতালির হার

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইতালির ব্যর্থতায় ইতি টানতে পারলেন না নতুন কোচ সিজার প্রানদেল্লিও। মঙ্গলবার রাতে লন্ডনের আপটন পার্কে এক প্রীতি ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারায় আইভরি কোস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইতালির ব্যর্থতায় ইতি টানতে পারলেন না নতুন কোচ সিজার প্রানদেল্লিও। মঙ্গলবার রাতে লন্ডনের আপটন পার্কে এক প্রীতি ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারায় আইভরি কোস্ট। খেলার ৫৫ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় কোলো তোরের জোরালো হেডের গোলে জয় পায় আইভরি কোস্ট। বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নেয়ার পর এটাই ছিল ইতালির প্রথম ম্যাচ। হার দিয়েই শুরু হল নতুন কোচ প্রানদেল্লির পথ চলা। তবে ম্যাচের ফল নিয়ে খুব একটা ভাবছেন না তিনি। কারণ দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন প্রানদেল্লি। আসল উদ্দেশ্য ইউরো ২০১২ এর বাছাই পর্বের আগে ইতালিকে সেরা ছন্দে নিয়ে আসা। আগামী মাসে বাছাই পর্বে এস্তোনিয়া এবং ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোটা ম্যাচে দু'দলই খেলেছে সমানতালে। তবে সুযোগ বেশি পেয়েছিল ইতালিই। কিন্তু সেই পুরোনো গোল মিসের রোগে হার মেনে মাঠ ছাড়তে হয় তাদের। তা সত্ত্বেও বিশ্বকাপের চেয়ে ভালো খেলেছে ইতালি, এমনটাই দাবী করেছেন কোচ প্রানদেল্লি। ইতালির হয়ে আক্রমণভাগে খেলেছেন তিন তারকা। আন্তোনিও কাসানো, ব্রাজিলিয়ান বংশোদ্ভূত আমাউরি এবং মারিও বালোতেল্লি। তাদের মধ্যে বোঝাপড়া মোটামুটি থাকলেও তেমন ছন্দ ছিল না। এর জন্য অবশ্য অনুশীলনের অভাবকে দায়ী করেছেন কোচ। কারণ বিশ্বকাপ শেষে সব খেলোয়াড়ই ছুটি কাটিয়ে সবেমাত্র যার যার ক্লাবে যোগ দিয়েছেন। ৫৫ মিনিটে আইভরি কোস্টের সেইডু ডোম্বিয়া এবং গাই ডেমেল যে আক্রমণ গড়েছিলেন তা থেকেই গোল পায় তারা। ডেমেলের ক্রসে মাথা ঠেকিয়ে গোল করেন তোরে। সে গোল আর শোধ করতে পারেনি ইতালি। ম্যাচ শেষে বেশ খুশি আইভরি কোস্টের ভারপ্রাপ্ত কোচ ফ্রাঙ্কোইস জাহোই। বলেছেন ইতালির মতো দলকে হারাতে পারলে তা সবসময়ই ইতিবাচক ভূমিকা রাখে দলের উন্নতিতে। ম্যাচে খেলেননি আইভরি কোস্টের সেরা তারকা দিদিয়ের দ্রগবা। সদ্য ইনজুরি মুক্ত হয়ে বিশ্রামে রয়েছেন চেলসির এই আক্রমণভাগের খেলোয়াড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯২২ ঘ.