ঢাকা, অগাষ্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের মাঝ-মাঠের খেলোয়াড় কাকাকে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে। কেননা অস্ত্রোপচার করা হয়েছে তার বাঁ হাঁটুতে।
বেলজিয়ামে তার হাঁটু পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন ক্রীড়া বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক মার্ক মার্টেনস। এরপর বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার করা হয়। সময় লাগে আধ-ঘন্টা।
অস্ত্রোপচার শেষে মার্টেনস রয়টার্সকে বলেন, মাঠে ফিরতে তার চার মাস লাগতে পারে।
এর আগে স্পেনের ক্লাবটি তাদের ওয়েবসাইটে বলেছিল, হাঁটুতে চোট পাওয়ায় কাকার অস্ত্রোপচার করতে হতে পারে।
বলতে গেলে গত বছর থেকেই চোটের মধ্যে রয়েছেন ব্রাজিলের তারকা কাকা। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার আগে আগে তিনি সুস্থ হয়ে ওঠেন। মাঠেও নামেন।
প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকাকে ২-৩ গোলে হারানোর পর রিয়ালের কোচ হোসে মরিনহো সানফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে বলেন, "কাকা খুবই ভালো খেলোয়াড়। দলের সদস্যদেরও প্রিয়পাত্র। তবে আমরা তাকে এক শ' ভাগ সুস্থ অবস্থায় দেখতে চাই।"
ইতালির ক্লাব এসি মিলান থেকে ২৮ বছর বয়সী কাকা রিয়ালে যোগ দেন ২০০৯ সালে। গত মৌসুমে ক্লাবের হয়ে ২৫ খেলায় গোল করেন আটটি।
রিয়াল এলএ গ্যালাক্সির সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে শনিবার, লস অ্যাঞ্জেলেসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৪ ঘ.
bdnews24