২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনাকেই চেয়েছিলেন মেসি

ডিয়েগো ম্যারাডোনার এমন বিদায় চাননি লিওনেল মেসি। প্রিয় কোচের বিদায়ের পর এই প্রথম মুখ খুললেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। বললেন, ''আর্জেন্টিনার কোচ হিসেবে ডিয়েগোর (ম্যারাডোনা) এমন বিদায় আমি দেখতে চাইনি। সবসময়ই ভেবেছিলাম তিনি আরো অনেকদিন কোচ হিসেবে থেকে যাবেন। কিন্তু যা ঘটলো তাতে রীতিমতো কষ্ট পেয়েছি।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 05:37 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডিয়েগো ম্যারাডোনার এমন বিদায় চাননি লিওনেল মেসি। প্রিয় কোচের বিদায়ের পর এই প্রথম মুখ খুললেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। বললেন, ''আর্জেন্টিনার কোচ হিসেবে ডিয়েগোর (ম্যারাডোনা) এমন বিদায় আমি দেখতে চাইনি। সবসময়ই ভেবেছিলাম তিনি আরো অনেকদিন কোচ হিসেবে থেকে যাবেন। কিন্তু যা ঘটলো তাতে রীতিমতো কষ্ট পেয়েছি।'' দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে গেছেন মেসি। এশিয়া সফরে তার দল বার্সেলোনা বেইজিংয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। সেখানে সাংবাদিক সম্মেলনে প্রথমবারের মতো তার সাবেক কোচ সম্পর্কে কথা বললেন তিনি। এরই মধ্যে মেসি বলে ফেললেন, তারা এখন পরের বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছেন। সেটি প্রতিবেশী দেশ ব্রাজিলে হবে ২০১৪ সালে। তিনি বলেন, ''আগামী বিশ্বকাপের এখনো চার বছর বাকি। এ জন্য এখনই প্রস্তুতি নেয়া শুরু করতে হবে। তবে শিরোপা জেতার কথা এখনই বলাটা ঠিক হবে না।'' দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ম্যারাডোনার আর্জেন্টিনা দ্বিতীয় পর্ব পর্যন্ত দুর্দান্ত খেললেও কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে হেরে যায় জার্মানির কাছে। তারপরই চাকরি নিয়ে শঙ্কা দেখা দেয় ম্যারাডোনার। অবশেষে কিছুদিন আগে ম্যারাডোনার দেয়া শর্ত মেনে না নেয়ায় তার চুক্তি নবায়ন করেনি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। এরপরই ম্যারাডোনা অ্যাসোসিয়েশনের সভাপতি হুলিও গ্রন্দোনাকে মিথ্যুক এবং জাতীয় দলের পরিচালক কার্লোস বিলার্দোকে প্রতারক বলেন। আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন সার্জিও বাতিস্তা। তিনি যুব দলের কোচ ছিলেন। তার প্রশিক্ষণে বেইজিং অলিম্পিকের সোনা জিতেছিল আর্জেন্টিনা। এদিকে নাটকীয় কিছু একটা ঘটেও যেতে পারে আর্জেন্টিনার ফুটবলে। ম্যারাডোনার সঙ্গে মিটে যেতে পারে বিরোধ। আর্জেন্টিনার ফুটবল ঈশ্বরকেই ফের দেখা যেতে পারে দলের দায়িত্বে। এমন আভাস দিয়েছেন খোদ বিলার্দোই। তিনি বলেন, ''ম্যারাডোনার জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা রয়েছে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৫৮ ঘ.