বার্লিন, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোটের কারণে আগামী দু'মাস মাঠের বাইরে থাকতে হবে নেদারল্যান্ডসের তারকা খেলোয়াড় আরিয়েন রোবেনকে। রোবেনের ক্লাব বায়ার্ন মিউনিখ এর জন্য দায়ী করেছেন নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনকে।
ক্লাবের অভিযোগ চোট সমস্যা থাকার পরও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ডস রোবেনকে খেলিয়েছে। ফলে রোবেনের চোট মারাত্মক আকার ধারণ করায় তাকে বেশকিছু দিনের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে।
বায়ার্ন তাদের ওয়েব সাইটে জানিয়েছে, মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের করা নিয়মিত পরীক্ষায় দেখা গেছে তার বাম উরুর মাংসপেশি ছিঁড়ে গেছে। তারা এটাও জানিয়েছে বিশ্বকাপের আগেই রোবেন এ সমস্যায় ভুগছিল।
২৬ বছর বয়সী এই স্ট্রাইকার নেদারল্যান্ডসের গ্র"প পর্বের প্রথম দু'টি ম্যাচ খেলতে পারেনি। বাকী পাঁচ ম্যাচে তার চমৎকার নৈপুণ্য দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যদিও ফাইনালে তারা স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায়।
ক্লাবের চিকিৎসক হ্যান্স উইলহেম মুয়েলার বলেছেন, "তার চোট গুরুতর। এটা খুবই দায়িত্বহীন আচরণ হয়েছে। সাধারণ চোখে এ ধরণের চোট বোঝা যায় না বলে তারা রোবেনকে মাঠে নামিয়েছে। আমি তাদের সতর্ক করেছিলাম। কিন্তু তারা সেটাকে আমলে নেয়নি।"
বায়ার্ন প্রেসিডেন্ট কার্ল হেইঞ্জ বলেছেন, "আমি খুবই হতাশ। তার অনুপস্থিতি আমার দলকে ভোগাবে।"
"স্বাভাবিক ভাবেই আমরা এই ব্যপারটা নিয়ে ক্ষুব্ধ। জাতীয় দলের হয়ে খেলে চোট পাওয়ার পর আবারও আমাদের তার খেসারত দিতে হচ্ছে।"
বায়ার্ন বলেছে, এ বিষয় নিয়ে তার ডাচ ফুটবল ফেডারেশনের সাথে কথা বলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫০ ঘ.
bdnews24