ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে তারা রান তুলেছে ৯২, এক উইকেটে। এর আগে ৪২৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। থিলান সামারাবীরার শতকের সুবাদে এ রান তোলে তারা।
কলম্বোর সারা ওভাল মাঠে ব্যাট করতে নেমে দলীয় ৪৯ রানে ল্যাসিথ মালিঙ্গার বলে অজান্তা মেন্ডিসের হাতে ধরা পড়েন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় (১৪)।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ দলকে এগিয়ে নিচ্ছেন। সঙ্গী রাহুল দ্রাবিড়।
শেবাগ ৫২ ও দ্রাবিড় ২৩ রানে ব্যাট করছেন।
চার উইকেটে ২৯৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। দলের খাতায় আরো ৩৭ রান যোগ হওয়ার পর প্রজ্ঞান ওঝার এলবিডব্লিউর ফাঁদে কাটা পড়েন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। পাঁচ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন তিনি। এরপর আর কোন ব্যাটসম্যানই দুই অংকের কোটা ছুুুুঁতে পারেননি। যদিও গত দিন ৬৫ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান থিলান সমারাবীরা এর মধ্যেই তার শতক আদায় করে নেন। শেষ পর্যন্ত তিনি ১৩৭ রানে অপরাজিত ছিলেন।
প্রজ্ঞান ওঝা ১১৫ রানে চারটি উইকেট নেন। এছাড়া ইশান্ত শর্মা ৭২ রান দিয়ে পান তিনটি উইকেট।
তিন টেস্টের এ সিরিজে শ্রীলঙ্কা ১-০ তে এগিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬২৫ ঘ.
bdnews24