লন্ডন, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসির রক্ষণভাগের ইংলিশ তারকা অ্যাশলে কোলকে বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি।
অবশ্য কোলকে পেতে অনেক দিন যাবত দেনদরবার করছে হোসে মরিনহোর নতুন ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু তাকে বিক্রি না করার কথা রিয়ালকে সাফ জানিয়ে দিয়েছেন আনচেলত্তি।
ধারণা করা হচ্ছে মরিনহো স্ট্যামফোর্ড ব্রিজে থাকাকালে কোলের সঙ্গে বেশ সখ্য গড়ে তুলেছিলেন। তাকে পেতে রিয়াল বিশাল অঙ্কের দাম হাঁকাতে প্রস্তুত।
কিন্তু আনচেলত্তি বলেন, "অন্য কোচদের সঙ্গে আমার খেলোয়াড়ের সম্পর্ক নিয়ে আমি আগ্রহী নই। অ্যাশলে কোল চেলসির খেলোয়াড় এবং তিনি চেলসিতেই থাকবেন।"
চেলসির কোচ আরো বলেন, "সবাই ধারণা ভুলতে পারেন যে তিনি ক্লাব ছেড়ে চলে যাবেন। সেটা হওয়ার কোনো অবকাশ নেই। আমরা বিশ্বাস করি তিনি বিশ্বের অন্যতম সেরা রক্ষণভাগের খেলোয়াড়। কোনো মূল্যেই আমরা তাকে বিক্রি করবো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১৩৯ ঘ.
bdnews24