মাদ্রিদ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভ্যালেন্সিয়া ছেড়ে তিন বছরের জন্য ভিয়ারিয়ালে যাচ্ছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় কার্লোস মার্চেনা। এ লক্ষ্যে চুক্তিও সেরে ফেলেছে লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাব দু'টি।
ভিয়ারিয়াল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, "ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়া এক সমঝোতায় পৌঁছেছে যে আগামী তিন মৌসুম কার্লোস মার্চেনা তাদের দলের হয়ে খেলবে।"
৩১ বছর বয়সী মার্চেনা সেন্টার ব্যাক বা রক্ষণাত্মক মাঝমাঠের খেলোয়াড় হিসেবে খেলতে অভ্যস্ত। তিনি ভ্যালেন্সিয়ার হয়ে নয় বছর খেলে জিতেছেন দু'টি লিগ শিরোপা ও একটি কিংস কাপ।
মার্চেনা স্পেনের হয়ে খেলেছেন ৬২টি ম্যাচ, গোল দিয়েছেন দু'টি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ২০১০ বিজয়ী কোচ ভিসেন্তে দেল বস্কের দলের একজন সদস্যও ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১৩৬ ঘ.
bdnews24