লন্ডন, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছুদিনের মধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুলের মালিক হতে যাচ্ছেন একজন চীনা ব্যবসায়ী। সোমবার এমন একটি খবরই পাওয়া গেছে।
হংকং ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান 'কিউ এস এল স্পোর্টস লিমিটেড' এর প্রধান কিন হুয়ান জানিয়েছেন, এপ্রিলে নিলামে ওঠা ক্লাবটি কেনার জন্য রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ডের সাথে কথা হয়েছে।
বিবিসি স্পোর্টস জানিয়েছে, "নিলামের সময় শেষ হওয়ার আগেই একটি চুক্তি হয়েছে। হুয়ান একটি ভালো প্রস্তাব রেখেছেন। ক্লাবটির পরিচালক পরিষদ বিক্রির অনুমতিও দিয়ে দিয়েছে। কিছুদিনের মধ্যে তা সম্পন্ন হবে।"
রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ডের কাছে লিভারপুলের যে ঋণ আছে তা শোধ করে দেয়ার প্রস্তাব দিয়েছেন হুয়ান। সেই সাথে নতুন কোচ রয় হজসন খেলোয়াড় কেনাবেচার মাধ্যমে ক্লাবের তহবিল গঠনে হস্তক্ষেপ করতে পারবেন। ক্লাবের জন্য নতুন একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনাও আছে হুয়ানের।
২০০৮ সাল থেকেই লিভারপুল ক্লাবটি কেনার চেষ্টা করছিলেন হুয়ান। তবে সেই সময় ক্লাবটির দাম ধরা হয়েছিল সাড়ে ছয়'শ মিলিয়ন পাউন্ড। যা হুয়ানের কাছে অনেক বেশি মনে হয়েছিল। তবে এবার তিনি সাড়ে তিন'শ বা তার থেকে কিছু বেশি দামে ক্লাবটি পাচ্ছেন।
ক্লাবটির বর্তমান মালিক যুক্তরাষ্ট্রের টম হিচক ও জর্জ জিলেট ২০০৭ সালের মার্চে ২১৮.৯ মিলিয়ন পাউন্ডে ক্লাবটি কিনেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/২১৩৪ ঘ.
bdnews24